ইতালি ও স্পেনে মৃত্যুর সর্বনিম্ন রেকর্ড

 

 

 

করোনা ভাইরাসে ইউরোপের সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় এগিয়ে থাকা ইতালি ও স্পেনে মৃত্যুর সংখ্যা কমেছে। রবিবার ইতালিতে এক সপ্তাহের মধ্যে এবং স্পেনে এক মাসের মধ্যে সবচেয়ে কম মানুষ করোনায় মারা গেছে। যুক্তরাষ্ট্রে এবং ফ্রান্সে লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। ইরানে দোকান খুলেছে এবং রাস্তায় গাড়ি চলাচলও শুরু হয়েছে। এদিকে ভাইরাস নিয়ে অস্ট্রেলিয়ার অভিযোগ অস্বীকার করেছে চীন। এরই মধ্যে চীনের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে জার্মানি। গতকাল পর্যন্ত বিশ্বে আক্রান্ত ২৪ লাখ এবং মৃত্যু ১ লাখ ৬৮ হাজারের বেশি।

ইতালি ও স্পেনে মৃত্যু হ্রাস

রবিবার ইতালিতে মৃত্যু হয়েছে ৪৩৩ জনের যা এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। আর আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪৭ জন যা মোট আক্রান্তের ১ দশমিক ৭ ভাগ। ইতালির বেসামরিক সুরক্ষা বিভাগ জানিয়েছে, দেশে ১ লাখ ৮ হাজার ২৩৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত। এদের মধ্যে কেউ হাসপাতালে কিংবা বাড়িতে চিকিত্সা নিচ্ছেন। তবে ১ লাখ ৮১ হাজার ২২৮ জন আক্রান্তের খবর জানায় ওয়ার্ল্ডোমিটার। দেশটিতে মারা গেছে ২৪ হাজার ১১৪ জন।

মৃত্যুর নিরিখে যুক্তরাষ্ট্রের পরে আছে দেশটি। গত শুক্রবার ইতালিতে মারা যায় ৫৭৫ এবং শনিবার মৃত্যু হয় ৪৮২ জনের। স্পেনে রবিবার ৪১০ জনের প্রাণ গেছে। গত এক মাসের মধ্যে এটা সর্বনিম্ন মৃত্যু। মৃত্যুর তালিকায় তৃতীয় স্থানে স্পেন। স্পেনে সংক্রমণের হারও কমছে। তবে সোমবার দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। ওয়ার্ল্ডোমিটার জানায়, দেশটিতে গতকাল মারা গেছে ৩৯৯ জন। যদি এটা সোমবারের পূর্ণাঙ্গ ফল হয় তাহলে মৃত্যু আরো কমল। স্পেনে মোট মারা গেছে ২০ হাজার ৮৫২ জন। বিশ্বে গতকাল রাত ১২ টা পর্যন্ত ২৪ লাখ ৫২ হাজার ৪৩৯ জন আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৮৪ জনের।

লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, অ্যারিজোনা মন্টানা ও কলোরাডোসহ কয়েকটি রাজ্যে স্থানীয় সময় রবিবারও বিক্ষোভ হয়েছে। তারা ‘স্টে হোম’ নিষেধাজ্ঞা বাতিল করে ব্যবসাপ্রতিষ্ঠানসহ সবকিছু খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। ওয়াশিংটনে ৫০ জনের বেশি জড়ো হওয়া নিষিদ্ধ থাকলেও আড়াই হাজারের বেশি মানুষ প্রতিবাদে সামিল হয়। একইভাবে কলোরাডোসহ কয়েকটি রাজ্যেও বিক্ষোভ হয়েছে। দেশটিতে আক্রান্ত হয়েছে ৭ লাখ ৭১ হাজার ২১৪ জন এবং মারা গেছে ৪১ হাজার ৩৫৬ জন। এদিকে করোনায় মৃতদের ভিন্নভাবে শ্রদ্ধা জানিয়েছে মার্কিন মিডিয়া বোস্টন গ্লোব। পত্রিকাটি তার ১৫ পাতা জুড়ে বোস্টন শহরের মৃতদের নামের তালিকা প্রকাশ করেছে। এবার অনলাইনে বিয়ের ব্যবস্থা চালু করছে নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের গভর্ণর অ্যান্ড্রিউ কুওমো এমন একটি আদেশে এরই মধ্যে সই করেছেন।

ইরানে দোকানপাট খুলেছে। সড়কে যান চলাচলও শুরু হয়েছে। অনেক স্থানে যানজটও দেখা গেছে। ফ্রান্সে লকডাউনের মেয়াদ আগামী ১১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর এই ঘোষণার পর রাস্তায় বিক্ষোভ শুরু হয়েছে। আবার সংখ্যালঘুদের চিকিত্সায় পুলিশের গাফিলতির অভিযোগে প্যারিসের অনেকে বিক্ষোভ করে। বিক্ষোভ দমনে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পুলিশের গাড়ির সঙ্গে সংঘর্ষে ৩০ বছরের এক ব্যক্তি আহত হয় প্রায় এক মাস আগে। কিন্তু তার চিকিত্সায় পুলিশ গাফিলতি করছে বলে অভিযোগ পাওয়ার পর রাস্তায় নামে নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোকজন।

চীনের কাছে ক্ষতিপূরণ দাবি জার্মানির

করোনা ভাইরাসটির উত্সস্থল চীন। তাই বেইজিংয়ের ওপর বেজায় খেপেছে আমেরিকা ও ইউরোপ। ইতিমধ্যেই বেইজিংকে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। অস্ট্রেলিয়া অভিযোগ করেছে চীনের গবেষণাগার থেকেই ভাইরাস ছড়িয়েছে। তারা এ নিয়ে অবহেলাও করেছে। তবে বেইজিং সেই অভিযোগ অস্বীকার করেছে। এবার আরো একধাপ এগিয়ে চীনের কাছে আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছে জার্মানির একটি সংবাদমাধ্যম। চীনকে তুলোধোনা করে একটি নিবন্ধ প্রকাশ করেছে জার্মানির প্রথমসারির পত্রিকা ‘দ্য বিল্ড’। পর্যটন, উত্পাদন শিল্পসহ বিভিন্ন খাতে করোনার জেরে হওয়া লোকসানের খতিয়ান তুলে ধরে চীনের বিরুদ্ধে ১৩০ বিলিয়ন পাউন্ডের ক্ষতিপূরণ দাবি করা হয়েছে সেখানে। কড়া ভাষায় বেইজিংয়ের সমালোচনা করে ঐ নিবন্ধে বলা হয়েছে, গোটা বিশ্বের কাছে ইচ্ছাকৃতভাবে করোনা সংক্রান্ত তথ্য গোপন করেছে প্রেসিডেন্ট শি জিনপিং প্রশাসন। সঠিক সময়ে বেইজিং সমস্ত তথ্য প্রকাশ করলে এই মহামারিকে ঠেকানো যেত। এদিকে সমস্ত অভিযোগ খারিজ করে পালটা সংবাদপত্রটির বিরুদ্ধে উগ্র জাতীয়তাবাদ উসকে দেওয়ার অভিযোগ জানিয়েছে বেইজিং। এদিকে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের সর্বসাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, চীনের উহান শহরে প্রায় হাজার খানেক রোগী যারা সুস্থ হয়ে হাসপাতাল থেকে চলে গেছে বলে তালিকাভুক্ত করা হয়েছিল তারা আসলে সুস্থ হয়নি। এখন চীনের জাতীয় পরিসংখ্যানে দেশটিতে সুস্থ হওয়া রোগীর হিসাব দেখা যাচ্ছে কমে গেছে। এই সংশোধন হয়েছে গোপনে। জানিয়েছেন বিবিসি মনিটরিং বিভাগের চীনা সংবাদমাধ্যম বিষয়ে বিশ্লেষক কেরি অ্যালেন।

সিঙ্গাপুরে ১ হাজার ৪২৬ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে ২৪ ঘণ্টায়। এটাই সিঙ্গাপুরে একদিনে সর্বোচ্চ সংক্রমণ। এখন পর্যন্ত সিঙ্গাপুরের মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার। সিঙ্গাপুরে প্রায় ৩ লাখ স্বল্প আয়ের শ্রমিক আছেন, যারা দক্ষিণ এশিয়া থেকে গিয়েছেন। যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ১৪ হাজারের বেশি মারা গেছেন ইংল্যান্ডেই। ৩ লাখ ৭২ হাজার টেস্ট করা হয়েছে যুক্তরাজ্যে। এর মধ্যে এক লাখ ২০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে পজিটিভ এসেছে।

আবারো ট্রাম্পের সহায়তা প্রত্যাখ্যান ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফের ইরানকে সহায়তার কথা জানিয়েছেন। তিনি দেশটিতে ভেন্টিলেটরসহ চিকিত্সা সরঞ্জাম দিয়ে সাহায্য করতে পারেন বলে জানিয়েছেন। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়। যদিও ইরানের পররাষ্ট্র জাভেদ জারিফ সিরিয়া সফরকালে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাত্কারে বলেছেন, করোনার এই দুর্যোগে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে তার অমানবিক মুখখানাই বিশ্বকে দেখাল।

দক্ষিণ এশিয়ার অবস্থা

ভারতে গতকাল থেকে কয়েক লাখ মানুষকে কাজে ফেরার অনুমতি দেওয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকারগুলোকে করোনা ভাইরাস বিধিনিষেধ শিথিল করার ব্যাপারে নির্দেশ জারি করা হয়েছে। দেশটিতে ২৪ ঘণ্টায় ৪০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৪০ জন। দেশটিতে মোট মারা গেছে ৫৫৯ জন এবং আক্রান্তের মোট সংখ্যা ১৭ হাজার ৬৫৬ জন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জনগণকে ঘরে থাকার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন। আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং পাকিস্তানে এ পর্যন্ত প্রায় সাড়ে ৮ হাজার মানুষের ভাইরাস শনাক্ত হবার খবর নিশ্চিত করা হয়েছে। নেপালে গত দুই দিনে ১৪টি মসজিদ সিল করে দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে সেখানে আশ্রয় নেওয়া ৩৩ জন ভারতীয় এবং সাত জন পাকিস্তানিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শ্রীলঙ্কায় আগামী সপ্তাহ থেকে লকডাউনের বিধিনিষেধ শিথিল করবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কোভিড পজিটিভ শনাক্ত রোগীর সংখ্যা আড়াইশর অল্প কম এবং সেখানে মারা গেছে সাত জন।