শরীয়তপুরে পল্লী বিদ্যুত্ সমিতির দুই প্রকৌশলীসহ দেশের বিভিন্ন জেলায় গতকাল সোমবার বজ্রপাতে সাত জন নিহত হয়েছেন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
শরীয়তপুর : গতকাল দুপুর ১টার দিকে ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের জয়ালু গ্রামে পল্লী বিদুত্ সমিতির দুই প্রকৌশলী নিহত হয়েছেন। তারা হলেন : সমিতির ডামুড্যা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সাইফুল হক খান (৪৫) ও সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান (৪২)। তারা ওই গ্রাম থেকে কাজ করে মোটরসাইকেল যোগে ডামুড্যা উপজেলা সদরে ফিরছিলেন। সাইফুল হক খান কুষ্টিয়া শহরের কুটিপারা সতীশ চন্দ্র সাহা লেনের লুত্ফল হক খানের ছেলে। আর মোস্তাফিজুর রহমান যশোরের ঝিকরগাছা উপজেলার রঘুনাথনগর গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে।
শরীয়তপুর পল্লী বিদুত্ সমিতির মহাব্যবস্থাপক জুলফিকার রহমান বলেন, পূর্ব ডামুড্যা ইউনিয়নে বিদ্যুতের সঞ্চালন লাইনের কাজ চলছিল। ওই কাজ তদরকি করার জন্য সোমবার সকালে সেখানে যান ডামুড্যা কার্যালয়ের এজিএম সাইফুল হক খান ও সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। কাজ শেষে তারা দুপুর ১টার দিকে একটি মোটরসাইকেলে করে ফিরছিলেন। জয়ালু গ্রামে পৌঁছলে হঠাত্ বজ্রপাত শুরু হয়। মোটরসাইকেল চালানো অবস্থায়ই তাদের দুজন বজ্রপাতে আক্রান্ত হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পল্লী বিদুত্ সমিতির শ্রমিকরা তাদের উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা শেখ মোস্তফা খোকন বলেন, পল্লী বিদ্যুত্ সমিতির ওই দুই প্রকৌশলী ঘটনাস্থলেই মারা গেছেন। তাদের লাশের ময়নাতদন্ত করা হবে শরীয়তপুর সদর হাসপাতালে। এরপর পরিবারের সদস্যরা লাশ নিয়ে যেতে পারবে।
ডামুড্যা থানার ওসি মেহেদি হাসান বলেন, বজ্রপাতে আশপাশের অন্য কিছুর কোনো ক্ষতি হয়নি। আইনি কিছু প্রক্রিয়া ও লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কিশোরগঞ্জ : সকালে বজ্রপাতে মিঠামইন উপজেলার বজকপুর গ্রামের ইয়াসিন মিয়া (২৮) মারা যান। হাওরে বোরো ধান কেটে ধানবোঝাই নৌকা নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। তিনি বজকপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।
লক্ষ্মীপুর : পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে বজ্রপাতে কৃষক শাহাজান সর্দার (৪৮) এবং বিকালে কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নে আরেক কৃষক মো. কামালের (২৮) মৃত্যু হয়। নিহত কৃষক শাহাজান সর্দার রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের সর্দার বাড়ির পানজত আলী সরদারের ছেলে। কামাল কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নে আবদুল মতিনের ছেলে।
নিকলী (কিশোরগঞ্জ) : সিংপুর ইউনিয়নের নয়াখাল হাওরে বজ্রপাতে আসাদুল্লা হক (২০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি সিংপুর গড়গড়িয়া হাটি গ্রামের মৃত কেনু মিয়ার ছেলে। সকালে ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য তিনি নয়া খাল হাওরে গিয়েছিল। এ সময় হঠাত্ বৃষ্টির সঙ্গে বজ পাত শুরু হয়।
কালকিনি (মাদারীপুর) : বাঁশগাড়ী ইউনিয়নের আউলিয়ারচর গ্রামে বজ্রপাতে ফালানি বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতে আরেক গৃহবধূর এক চোখ নষ্ট হয়ে গেছে।