মেসির ফেরা নিয়ে আর্জেন্টিনা কোচের আশাবাদ

কোচ লিওনেল স্ক্যালোনি জানিয়েছেন তিনি ‘আশাবাদী’ ২০১৯ সালে জাতীয় দলে ফিরবেন লিওনেল মেসি। তার এই আশাবাদের আগে দেশটির ফুটবল প্রধান বলেছিলেন মেসির দলে ফেরা নির্ভর করছে কোচের উপর।

মেসি রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে আর্জেন্টিনার ব্যর্থতার পর জাতীয় দল থেকে সাময়িক বিরতি নেন। এই প্রসঙ্গে কোচ স্ক্যালোনি অবশ্য বলেছেন তিনি ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ডের সাথে কথা বলতে যাচ্ছেন। তাকে কথা বলতে হবে আরো একটি কারণে। সেটি হলো ২০১৯ সালেই দক্ষিণ আমেরিকা দেশগুলোর বড় আসর কোপা আমেরিকারও খেলা রয়েছে।

স্ক্যালোনি তাই সুপারস্টারটি প্রসঙ্গে বলেন, ‘মেসির সাথে আমার প্রায়শই কথা হয় না। তবে আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। আমরা ২০১৯ সালে তাকে দলে খেলাতে চেষ্টা করতে যাচ্ছি। আমাদের আলোচনা জমে আছে। আমরা আশাবাদী যে এটা সম্ভব হবে। আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। যে কোনো কোচই তাকে কোচিং করাতে পছন্দ করবেন। আমি তো অন্য যে কারো চাইতে বেশি।’

এর আগে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়া জানিয়েছিলেন মেসি কখনোই জাতীয় দল ছেড়ে যায়নি। তাই কোচ ডাকলেই মেসি প্রস্তুত থাকবেন।

রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে আর্জেন্টিনা শেষ ষোল থেকে বিদায় নিয়েছিল। শেষ পর্যন্ত শিরোপা জয়ী ফ্রান্সের কাছে হেরে দলটির বিদায়ের ঘটনায় ৩০ জুনের পর মেসি আর আর্জেন্টিনা দলের হয়ে খেলেননি। মূলত বার্সেলোনা তারকা নিজে থেকে অনুরোধ করেই সরে দাঁড়ান। তবে অনেক পর্যবেক্ষকই মনে করছেন এখন পাকাপাকিভাবে আর্জেন্টিনার প্রধান কোচের দায়িত্ব পালন করা স্ক্যালোনি হয়তো মার্চে অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচগুলোর সময় মেসিকে দলে ডাকবেন।

ক্লদিও তাপিয়া সম্প্রতি মেসি প্রসঙ্গে বিভিন্ন তথ্য জানান। তিনি এএফএ’র ওয়েবসাইটে বলেন, ‘লিও মেসি কখনোই জাতীয় দল ছেড়ে যায়নি। আমি মনে করি জাতীয় দলের জার্সিটার প্রতি তার ভালবাসা যে পর্যায়ে তাতে সে ডাক পেলেই হাজির থাকবে। আমার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটা নির্ভর করছে কোচের উপর। তার উপর নয়।’

দুইবারের বিশ্বকাপ জয়ী দেশটির ফুটবল প্রধান এও জানান যে মাদ্রিদে এ মাসের প্রথমদিকে তার সাথে মেসির দেখা হয়েছিল। সে সময় তার মনোভাব ইতিবাচকই দেখেছেন তিনি। দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন্স লিগ খ্যাত কোপা লিবারতাদোরেসের ফাইনালে দুই আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেট ও বোকা জুনিয়র্সের মুখোমুখিতার সময় দেখা হয়েছিল দুইজনের।

তাপিয়া আরো বলেন, ‘তাকে খুশি, খুবই খুশি দেখাচ্ছিল। আমি আশা করি যে সে আর্জেন্টিনার সামনে দলগুলোর অংশ হবে। কারণ লোকজন তাকে খেলতে দেখলে খুশি হয়। সে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করে এবং বিশ্ব ফুটবলেরও একজন ধারক। সে কোনো সন্দেহ ছাড়াই বিশ্বের সেরা খেলোয়াড়।’