ঢাকার রাজারবাগে চিকিত্সাধীন ট্রাফিক পুলিশের এক সদস্য মারা গেছেন। ট্রাফিক পুলিশের এই কনস্টেবল রবিবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজারবাগ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিত্সাধীন অবস্থায় গতকাল সোমবার সকালে তার মৃত্যু হয়। ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার জয়দেব চৌধুরী ইত্তেফাককে বলেন, ঐ কনস্টেবল অসুস্থ হলে তার করোনা পরীক্ষা করানো হলে ‘নেগেটিভ’ এসেছিল। মৃত্যুর পর নমুনা ফের আইইডিসিআরে পাঠানো হয়েছে। সেখান থেকে ফলাফল ‘নেগেটিভ’ এসেছে। তিনি আসলে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন।
এক জন পুলিশ কর্মকর্তা জানান, এই কনস্টেবলের শারীরিক বেশ কিছু জটিলতা ছিল। ২০০২ সালে পুলিশে যোগদান করা এই কনস্টেবলের বাড়ী ঝিনাইদহে। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রেখে গেছেন। চিকিত্সকরা বলছেন, হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। তিনি করোনা আক্রান্ত ছিলেন না।
গতকাল মৃত্যুর পর তার লাশ এখন হিমঘরে রাখা হয়েছে। পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, জ্বর-কাশি হওয়ায় গত ১৫ এপ্রিল থেকে কোয়ারেন্টাইনে ছিলেন এই কনস্টেবল। তখন পরীক্ষায় তার করোনা ভাইরাস ‘নেগেটিভ’ এসেছিল। যদিও শেষ পর্যন্ত রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে। তবে করোনা ভাইরাস মহামারি মোকাবিলার কাজে যুক্ত পুলিশের বেশ কয়েক জন সদস্য ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন। পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, আক্রান্তদের মধ্যে ৫২ জন পুলিশ সদস্য রাজারবাগ হাসপাতালে চিকিত্সাধীন আছেন। তাদের মধ্যে এক জন অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার কর্মকর্তা। তিনি সুস্থ হওয়ার পথে। আক্রান্ত বাকিদের অধিকাংশই কনস্টেবল। আর এদের বড়ো অংশ ঢাকা মহানগর পুলিশে কর্মরত।