দেশে করোনা ভাইরাস মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে কর্মরত চিকিত্সক, নার্স, স্বাস্থ্যকর্মী, সংবাদকর্মীসহ জরুরি সেবায় জড়িত থাকা ভাড়াটিয়াদের হয়রানি করা হলে ঐসব বাড়ির গ্যাস ও বিদ্যুত্সংযোগ বিচ্ছিন্ন করা হবে। হোম কোয়ারেন্টাইনে থাকা করোনা আক্রান্ত ব্যক্তিকে বাড়ি ছেড়ে দেওয়ার বা অন্য কোনো উপায়ে হয়রানি করা হলেও বাড়িওয়ালার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বিদ্যুত্ ও গ্যাস সরবরাহকারী সংস্থাগুলো।
গতকাল সোমবার বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু বাড়িওয়ালা এসব সেবা প্রদানকারী নিবেদিত প্রাণ ব্যক্তিদের এবং হোম কোয়ারেন্টাইনে থাকা করোনা আক্রান্ত মানুষকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য হয়রানিমূলক আচরণ করছেন বলে শোনা যাচ্ছে। এটি খুবই দুঃখজনক ও অমানবিক। এই শ্রেণীর কোনো ব্যক্তিকে কোনো বাড়িওয়ালার হয়রানি করার তথ্য পাওয়া গেলে ঐসব বাড়িওয়ালা বা হয়রানিকারীর বিদ্যুত্ ও গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুত্ সমিতিগুলো, ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাডিকোর ওয়েবসাইটে দেওয়া কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ ও গ্রাহক সেবা কেন্দ্রের টেলিফোন নম্বরে যোগাযোগ করে হয়রানির তথ্য জানানো যাবে। অভিযোগ পাওয়ার পর যাচাই করে সংযোগ বিচ্ছিন্নের ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে তিতাসসহ অন্য গ্যাস বিতরণ কোম্পানিগুলোর ওয়েবসাইটে দেওয়া কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ ও গ্রাহক সেবা কেন্দ্রের টেলিফোন নম্বরে যোগাযোগ করে হয়রানির তথ্য জানানো হলে গ্যাসসংযোগ বিচ্ছিন্নের ব্যবস্থা নেওয়া হবে।