জাপার ত্রাণ তহবিল পদ ধরে অর্থ নির্ধারণ

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে দুর্ভোগে পতিত দরিদ্র মানুষদের সাহায্যের লক্ষ্যে ‘দুর্যোগ ত্রাণ তহবিল’ গঠন করেছে জাতীয় পার্টি (জাপা)। এই তহবিলে দান করার জন্য দলীয় নেতাদের পদ অনুযায়ী টাকার অঙ্ক নির্ধারণ করে দিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। নির্ধারিত অর্থ তহবিলে জমা দিতে নেতাদের নামে নামে লেখা গত ১০ এপ্রিল জি এম কাদের স্বাক্ষরিত এক চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।

কয়েকটি চিঠির কপি পড়ে এবং জাপা নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিনিয়র কো-চেয়ারম্যান ও কো-চেয়ারম্যানদের ২ লাখ, প্রেসিডিয়াম সদস্যদের ১ লাখ, সংসদ সদস্যদের দেড় লাখ, চেয়ারম্যানের উপদেষ্টা ও ভাইস চেয়ারম্যানদের ৫০ হাজার টাকা করে অনুদান নির্ধারণ করা হয়েছে। দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যান্য পদধারীদেরও নির্দিষ্ট হারে অনুদান দেওয়ার অনুরোধ জানিয়েছেন জি এম কাদের। চিঠিতে নেতাদের উদ্দেশে দলীয় চেয়ারম্যান নির্ধারিত টাকার অঙ্ক উল্লেখ করার পাশাপাশি অবশ্য ‘অথবা আপনার ইচ্ছা অনুসারে’ কথাটিও লিখেছেন।

চিঠিতে জাপা চেয়ারম্যান লিখেছেন, ‘আপনার যদি পার্টির মাসিক চাঁদা বকেয়া থাকে, তাহলে তা পরিশোধসহ আপনি পার্টির... হিসেবে এই ত্রাণ তহবিলের জন্য... টাকা দান করে দুর্দশাগ্রস্ত মানুষের সেবায় এগিয়ে আসবেন।’

নেতাদের উদ্দেশে চিঠিতে জি এম কাদের আরো লিখেছেন, ‘আপনি জানেন যে, আমাদের প্রয়াত নেতা এইচ এম এরশাদ দেশের যে কোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় কত আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। আমরা তার উত্তরসূরী হিসেবে এখন দেশবাসীর এই মহাবিপদে নিশ্চুপ থাকতে পারি না। আমাদের যার যেটুকু সামর্থ্য আছে তার মধ্য থেকে কিছু দান করে, তাই দিয়ে করোনা সংক্রমণজনিত আর্থসামাজিক বিপর্যয় মোকাবিলা করতে দুর্ভোগে পতিত সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি।’

জাপার প্রেসিডিয়াম সদস্য ও পার্টি চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভ রায় ইত্তেফাককে জানান, দুর্যোগে অসহায় হতদরিদ্রদের ত্রাণ দেওয়ার লক্ষ্যে এই তহবিল গঠন করা হয়েছে। পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন জানান, আশঙ্কা করা হচ্ছে সামনে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। তখন দরিদ্র মানুষ বড়ো বিপদের সম্মুখীন হতে পারেন। বিষয়টি মাথায় রেখেই তাদের সাহায্যের জন্য জাপা এই তহবিল গঠন করেছে।