২০১৮ সালে ক্রিকেট বিশ্বে ঘটে যাওয়া সবচেয়ে আলোচিত ঘটনা কি? - এই প্রশ্নের জবাব পেতে আসলে খুব একটা বেগ পেতে হল না। ঘটনাটি এই বছরের সবচেয়ে আলোচিত তো বটেই, গেল বেশ কয়েক বছরের বিবেচনাতে ক্রিকেটের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়ও বটে। আর সেরা হল বল টেম্পারিং কেলেঙ্কারি।
গেল মার্চের ঘটনা। বড় ব্যবধানে হেরে সিরিজ শুরু করে পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় ম্যাচটিও ছয় উইকেটে হারতে হয় তাদের। সিরিজের লড়াইয়ে টিকে থাকা ম্যাচটি কলঙ্কিত করে ফেলে অস্ট্রেলিয়া। ম্যাচের তৃতীয় দিন ডেভিড ওয়ার্নারের নির্দেশে এবং স্টিভেন স্মিথের মৌন সম্মতিতে বল টেম্পারিং করেন ক্যামেরন ব্যাঙক্রফট। ভিডিও ফুটেজের মাধ্যমে এটি স্পষ্ট ফুটে উঠে ক্রিকেট দুনিয়ায়। পরবর্তীতে দিন শেষে সংবাদ সম্মেলনে বল বিকৃতির ঘটনা অকপটে স্বীকার করেন স্মিথ।
ঘটনা ফাঁস হওয়ার পর কঠোর পদক্ষেপ নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বল টেম্পারিংয়ের জের ধরে ক্রিকেট বিশ্বের ওপর দিয়ে রীতিমত ঝড়ই বয়ে যায়। তিন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের এই কাণ্ডের জের ধরে গোদা দুনিয়া থেকেই আসতে থাকে তীব্র নিন্দা। শুরু হয় তর্ক বিতর্ক। তত্কালীন অস্ট্রেলিয়ান অধিনায় স্টিভেন স্মিথ নিষিদ্ধ হন এক বছরের জন্য। সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার এক বছর ও ক্যামেরন ব্যাঙক্রফট নয় মাসের জন্য নিষিদ্ধ হন। মাঝে অস্ট্রেলিয়া দলের বাজে অবস্থার কথা বিবেচনা করে আগে ভাগেই তাদের জাতীয় দলে ফেরানোর গুঞ্জন থাকলেও সেসব ভেস্তে দেয় সিএ। শুধু তাই নয়, কোচ ড্যারেন লেহম্যানও কোচের পদ থেকে সরে যান।
তবে, ২০১৮ সালটাকে নিজেদের অর্জনের বছর হিসেবে আজীবন মনে রাখবে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। কারণ, ক্রিকেটের একাদশ ও দ্বাদশ টেস্ট খেলুড়ে দেশ হিসেবে এই বছরই অভিষেক হয়ে গেছে তাদের। আফগানিস্তানের টেস্ট অভিষেক হয়েছে ভারতের বিপক্ষে। আর আয়ারল্যান্ডের অভিষেক টেস্টের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। দু’দলই অবশ্য পরাজয় দিয়েই শুরু করেছে টেস্ট আঙিনায় নিজেদের যাত্রা।
অর্জনের জন্য বছরটিকে মনে রাখবেন বিরাট কোহলিও। কোহলিই এই বছরের একমাত্র কোহলিই একমাত্র ব্যাটসম্যান যিনি কিনা এক হাজার রানের কোটা পূর্ণ করেছেন টেস্ট ক্রিকেটে। এ বছর বক্সিং ডে টেস্টের আগ অবধি ১১ টি সেঞ্চুরিও হাকিয়েছেন কোহলি। এর মধ্যে পাঁচটি টেস্টে আর ছয়টি ওয়ানডেতে। এই বছর তিনিই টেস্টে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরি করা ব্যাটসম্যান। দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের মুমিনুল হক। মুমিনুল ২০১৮ সালে করেছেন চারটি টেস্ট সেঞ্চুরি।
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস শ্রীলংকার বিপক্ষে নিউজিল্যান্ডের টম লাথামের অপরাজিত ২৬৪ রান। এখানেও দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের একজন। তিনি হলেন মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে তিনি ২১৯ রানের অপরাজিত এক ইনিংস খেলেন।
ওয়ানডে ক্রিকেটেও ২০১৮ সালের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। ১৪ ম্যাচে ১২০২ রান তার। এটাই এই বছরের সর্বোচ্চ। এছাড়া সর্বোচ্চ ২১০ রানের অপরাজিত ব্যক্তিগত ইনিংসটি জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের ফখর জামানের।ওয়ানডেতে এটাই কোনো পাকিস্তানি ব্যাটসম্যানের প্রথম ডাবল সেঞ্চুরি।
ক্রিকেট বিশ্ব ২০১৮ সালে তিন মহাতারকার বিদায় দেখেছে। তারা হলে ইংল্যান্ডের অ্যালিস্টেয়ার কুক, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ। ১৬১ টেস্টে ১২,৪৭২ রান করেছেন কুক। ওভালে নিজের শেষ টেস্টের শেষ ইনিংসে ভারতের বিপক্ষে ১৪৭ রান করেন কুক। তিন ফরম্যাটেই বেশ সফল ছিলেন ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে ১১৪ টেস্টে ৮৭৬৫ রান, ২২৮ ওয়ানডেতে ৯৫৭৭ রান ও ৭৮টি টি-টোয়েন্টিতে ১৬৭২ রানের মালিক তিনি।
১৯৯৯ সালে টেস্ট দিয়ে অভিষেক ঘটে হেরাথের। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। চলতি বছরের নভেম্বরে টেস্ট দিয়েই ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন এই স্পিন কিংবদন্তি। গল দিয়ে শুরু করে সেখানেই ক্যারিয়ার শেষ করেন ৯৩ টেস্টে ৪৩৩ উইকেট নেন হেরাথ। ২০১৮ সাল যেমন আর ফিরবে না, তেমনি এই মহাতারকারাও আর কখনো নিজেদের দেশের জার্সিতে বিশ্ব ক্রিকেট মাতাবেন না!