হবিগঞ্জ জেলায় ডাক্তার-নার্সসহ ১০জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে লাখাই উপজেলায় তিনজন, বানিয়াচঙ্গে তিনজন, বাহুবলে একজন, আজমিরিগঞ্জে দুইজন ও চুনারুঘাট উপজেলায় একজন রয়েছেন। এ নিয়ে হবিগঞ্জে মোট ১১জন করোনা আক্রান্ত হলেন। জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানায়।
সূত্র থেকে জানা যায়, করোনা আক্রান্তদের মধ্যে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৈয়দ আদনান আরেফিন, নার্স উম্মে কবীর নাজমিন নাহার রয়েছেন। গত রবিবার হবিগঞ্জ থেকে ৩৯ জনের নমুনা পরীক্ষার জন্য সিলেটে পাঠানো হয়।
পরে সোমবার রাত সাড়ে ১০টায় রিপোর্ট আসে হবিগঞ্জে। রিপোর্টে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানানো হয়। ওই ১০জনের মধ্যে কেউ কেউ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাদেরকে আজ হবিগঞ্জে আনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্যস্ততার কারণে তিনি বিস্তারিত জানাতে অপরাগতা প্রকাশ করেন।
জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, করোনা আক্রান্তদের মধ্যে সাতজন হোম কোয়ারেণ্টাইনে আছেন। আজ তাদের সবাইকে হবিগঞ্জ হাসপাতালে আনা হবে।
ইত্তেফাক/জেডএইচডি