আইসিসির ‘ভিডিও’ বৈঠক কাল সংকটকালে ভবিষ্যত্ নির্ধারণ হতে পারে

স্পোর্টস ডেস্ক

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এর আগেও অসংখ্যবার বৈঠকে বসেছে। তবে, আগামীকালকের বৈঠকটা অবশ্যই আগের সবগুলো থেকে আলাদা। কারণ, বৈঠকটি অনুষ্ঠিত হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

করোনা ভাইরাসের প্রকোপে এখন দেশের বাইরে যাওয়া তো দূরের কথা, নিজের বাড়ি থেকে বের হওয়াই একরকম বন্ধ। বাধ্য হয়ে আইসিসিও তাই হেঁটেছে এই ডিজিটাল পন্থায়।

শুধু ভিডিও কনফারেন্স বলেই নয়, এই বৈঠকে গুরুত্বপূর্ণ কয়েকটা ইস্যুতে আলাপও করবে সদস্য বোর্ডের দায়িত্বে থাকা কর্মকর্তারা। আইসিসির ১২টি পূর্ণ সদস্য দেশের পাশাপাশি তিনটি সহযোগী সদস্য দেশও অংশ নিবে বৈঠকে।

একের পর এক সিরিজ স্থগিত হয়ে ভবিষ্যত্ সূচির বিড়ম্বনা বাড়াচ্ছে। আবার অর্থনৈতিক সমস্যাটাকেই বড়ো মনে করছেন অনেকে। ক্রিকেট বন্ধ বলে বোর্ডগুলোর আয়ও বন্ধ হয়ে গেছে। এই অবস্থা চলতে থাকলে বেশ কিছু বোর্ড বড়ো সমস্যায় পড়বে বলে ধারণা করা হচ্ছে। সেসব নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। বৈশ্বিক গণমাধ্যমগুলোর দাবি, খেলা বন্ধ হওয়ার কারণে বোর্ডগুলো যেভাবে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে সে সবই হবে প্রধান আলোচ্য বিষয়। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নিয়েও আলোচনা হতে পারে এই বৈঠকে। ইতিমধ্যেই বেশ কিছু দ্বিপক্ষীয় সিরিজ স্থগিত ঘোষণা করা হয়েছে। আইপিএলের মতো বড়ো টুর্নামেন্ট স্থগিত হয়ে আছে। ফলে এই ম্যাচগুলোর আয়োজনের সময় বের করতে ক্রিকেটের ভবিষ্যত্ সূচি নতুন করে সাজানোর বিষয়ে আলোচনা হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও আলোচনা হবে এই সভায়। তবে করোনা ভাইরাসের প্রকোপ কবে নাগাদ শেষ হয়, কবে আবারও খেলা মাঠে গড়ায় তার ওপর নির্ভর করছে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মানু সাওনি বলেছেন, ‘বিশ্বব্যাপী মহামারির সৃষ্টি হওয়ার পর এটাই আমাদের কথা বলার প্রথম পদক্ষেপ। টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ভবিষ্যত্ ক্রিকেট নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেব আমরা।’ কদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহসান মানি ইঙ্গিত দিয়ে রেখেছেন, আসন্ন এশিয়া কাপ বিষয়েও আলোচনা উঠতে পারে আইসিসির এই বৈঠকে। যদিও, এটা আয়োজনের দায়িত্ব মূলত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি)। আইসিসির আরেকটি বড়ো দুশ্চিন্তা হলো চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ। সূচি অনুসারে এই আসর ২০২৩ সালের মধ্যে শেষ হওয়ার কথা। কিন্তু, করোনা ভাইরাসের প্রকোপে থেমে আছে ক্রিকেট। ফলে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যাপারেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এই সভায়।