১০০ ব্যক্তি কোয়ারেন্টাইনে
এনডিটিভি
ভারতে রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সে এক পরিচ্ছন্নতা কর্মীর দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর প্রায় ১০০ জনকে কোয়ারেন্টাইনে রাখার খবর পাওয়া গেছে। চার দিন আগে ঐ পরিচ্ছন্নতা কর্মীর দেহে সংক্রমণ ধরা পড়ে।
ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, রাষ্ট্রপতি ভবনের সচিব পর্যায়ের কর্মকর্তা ও তাদের পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। আর কর্মীদের দিল্লির একটি কোয়ারেন্টাইন কেন্দ্রে নিয়ে রাখা হয়েছে। তবে পরীক্ষা করে এখনো কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী ছাড়া অন্য কারো দেহে ভাইরাসটি পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল পর্যন্ত ভারতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৬০১ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে ৫৯০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪৭ জন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন।
কোভিড-১৯ রোগীর সংখ্যার দিক থেকে ভারতের রাজ্যগুলোর মধ্যে শীর্ষে আছে মহারাষ্ট্র। এরপরই রাজধানী দিল্লির অবস্থান, যেখানে আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। অতি ছোঁয়াচে ভাইরাসটির বিস্তার ঠেকাতে চার সপ্তাহ ধরে পুরো ভারত রয়েছে লকডাউনে, যা আগামী ৩ মে পর্যন্ত চলবে।