ইস্টার সানডে হামলার পূর্তিতে শ্রীলঙ্কায় নিহতদের স্মরণ

বিবিসি

গত বছর ইস্টার সানডের পূর্বে গির্জা ও হোটেলসহ বেশ কয়েকটি স্থানে জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় নিহতদের স্মরণ করেছে শ্রীলঙ্কা। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে মার্চ থেকে দেশটিতে কারফিউ জারি থাকায় ঐ নারকীয় হামলার বছরপূর্তি উপলক্ষ্যে দেশটিতে বড়ো ধরনের কোনো অনুষ্ঠান হয়নি।

গত বছর ২১ এপ্রিল এ সময়েই প্রথম বোমাটি বিস্ফোরিত হয়। এর কিছু সময়ের মধ্যে আরো কয়েকটি গির্জা ও হোটেলে বোমা বিস্ফোরিত হয়। ঐ হামলায় ২৫০-এর বেশি লোক নিহত হয়। হামলার বছরপূর্তিতে মঙ্গলবার স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে দেশ জুড়ে দুই মিনিট নীরবতা পালন করা হয়। দেশ জুড়ে নীরবতা পালনের সময় শ্রীলঙ্কার রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারও দুই মিনিটের জন্য বন্ধ রাখা হয়। করোনা ভাইরাসের কারণে কোনো অনুষ্ঠান না হলেও হামলার বর্ষপূর্তিতে গির্জায় গির্জায় ঘণ্টা বাজিয়ে নিহতদের স্মরণ করা হয়।