টিসিবির পণ্য কিনতে ভিড় বাড়ছেই

স্টাফ রিপোর্টার, রংপুর

করোনা পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে এবং রমজানের নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সরবরাহ করায় টিসিবি পণ্যের চাহিদা বেড়েছে রংপুর মহানগরসহ জেলার সবকটি উপজেলায়। তবে ক্রেতার তুলনায় সরবরাহ কম থাকায় হিমশিম খাচ্ছে বিক্রেতারা। মঙ্গলবার নগরীর সিটি পার্ক মার্কেট, সিটি বাজার, প্রেসক্লাব মোড়, কাচারী বাজার, শিশু মঙ্গল প্রাথমিক বিদ্যালয়, কামারপাড়া ও চন্দনপাট ইউনিয়নসহ জেলার আটটি উপজেলার বিভিন্ন পয়েন্টে টিসিবির পণ্য কিনতে মধ্য আয়ের মানুষের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। এসব স্থানে ট্রাক থেকে দূরত্ব নির্ধারণ করে রং দিয়ে চিহ্ন দেওয়া রয়েছে। কিন্তু দাঁড়ানোর ক্ষেত্রে নিয়ম মানছেন না কেউ।

তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা জানান, তারাগঞ্জ উপজেলা সদরে মঙ্গলবার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে উপজেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে ট্রাকে এ কার্যক্রম শুরু হয়। এদিকে সকাল থেকে পণ্য কিনতে ভিড় করেন ক্রেতারা।

বিক্রির শুরুতে ক্রেতার ভিড় বেশি থাকায় সামাজিক দূরত্ব বজায় না রেখে তারা পণ্য কেনার জন্য ব্যস্ত হয়ে পড়েন। এ সময় স্থানীয় প্রশাসন ডিলারের মাধ্যমে খবর পেয়ে প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয়-বিক্রয়ে সহযোগিতা করেন। তবে বরাদ্দ কম হওয়ায় অল্প সময়ের মধ্যেই ঐ দিনের বরাদ্দ করা পণ্য শেষ হয়ে যায়। অনেকে দীর্ঘ সময়ে লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে যান অনেকেই।

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা জানান, গোয়ালন্দে টিসিবির পণ্য বিক্রির শুরুতেই ব্যাপক ভিড় লক্ষ করা গেছে। মঙ্গলবার উপজেলায় ন্যায্যমূল্যে পণ্যসামগ্রী বিক্রি শুরু হয়েছে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বাসস্ট্যান্ড এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করেন।  এদিকে প্রথম দিন ৩০০ ব্যক্তির জন্য বরাদ্দ পণ্যসামগ্রী বিক্রি শুরুর ঘণ্টা দুয়েকের মধ্যে শেষ হয়ে যায়। পণ্য কিনতে না পেরে অনেকেই খালি হাতে ফিরে গেছেন। এদিকে স্বল্প মূল্যে পণ্য কেনার খবর ছড়িয়ে পড়লে বাসস্ট্যান্ডে মানুষের ভিড় করতে থাকে। এতে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাঘাত ঘটে। এক পর্যায়ে সেখানে আনসার সদস্যদের মোতায়েন করা হয়। এছাড়া সেনাবাহিনীর টহল দল সেখানে দীর্ঘ সময় অবস্থান করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়তা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু বলেন, টিসিবির এ বিক্রয় কার্যক্রম মূলত শহরকেন্দ্রিক হয়। তারপরও এলাকার মানুষের সমস্যার কথা বিবেচনা করে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে পণ্য বিক্রির জন্য ডিলারকে বলেছি।