হিলিতে বাড়ছে পেঁয়াজের দাম

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

রমজান মাসকে সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দরের হাটবাজারে বাড়তে শুরু করেছে সব ধরনের পেঁয়াজের দাম। এ কারণে গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে অন্তত ২০ টাকা করে বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকার ওপরে। এর আগে প্রতি কেজি ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছিল।

বাজারের আড়তদার মো. শাহাবুল ইসলাম জানান, বাজারে সরবরাহ কমে এসেছে। আবার ভারত থেকেও পেঁয়াজ আসা বন্ধ রয়েছে। তাই দাম বাড়ছে পেঁয়াজের। বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের প্রান্তিক কৃষক আব্দুর রহিম জানান, পেঁয়াজ চাষ করে কোনো বছরই লোকসান ছাড়া লাভ পাইনি। এখন কিছু পেঁয়াজ ঘরে আছে যা রমজানে বিক্রি করার নিয়ত আছে। হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মো. সেলিম উদ্দীন ও মো. মোর্শেদুর রহমান জানান, ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল প্রায় পাঁচ মাস। গত ২৬ ফেব্রুয়ারি পেঁয়াজ রপ্তানিতে বাংলাদেশে থাকা নিষেধাজ্ঞা ভারত সরকার প্রত্যাহার করে নিলে গত ১৫ মার্চ থেকে হিলি স্থলবন্দর দিয়ে দেশে ভারত থেকে পেঁয়াজ আমদানি পুনরায় শুরু হয়। কিন্তু সম্প্রতি করোনা পরিস্থিতি মোকাবিলা করার কারণে ভারত সরকার গত ২৩ মার্চ থেকে বাংলাদেশের সঙ্গে পুরোপুরি সীমান্ত বাণিজ্য বন্ধ করে দেয়। এর ফলে এই দুই দেশের মধ্যে পেঁয়াজসহ বিভিন্ন পণ্য আমদানি বন্ধ হয়ে যায়। হিলি বাজারের স্থানীয় ক্রেতা সেরেগুল সরকার জানান, রোজার জন্য ৫ কেজি কেনার নিয়ত ছিল। কিন্তু দাম বেড়ে যাওয়ায় ৩ কেজি কিনলাম। একই আক্ষেপের কথা জানান, ক্রেতা মাছুমা বেগম ও নিয়াজ হোসেন।