নারায়ণগঞ্জে নতুন আক্রান্ত ১০
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে কর্মকর্তাসহ ৩২ পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে গাজীপুর মহানগরীর গাছা জোনের সহকারী পুলিশ কমিশনারসহ ২৫ জন এবং বাকি সাত জন গাজীপুর জেলা পুলিশের কালীগঞ্জ থানার পুলিশ সদস্য।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, সোমবার সিভিল সার্জন অফিসের প্রতিবেদন থেকে জানা যায়, গাছা থানায় নতুন করে ২০ পুলিশ সদস্যের করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। কয়েকদিন আগে ঐ থানার আরো পাঁচ জনের মধ্যে করোনা পজিটিভ ধরা পড়ে।
গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. শাহীন জানান, গত ১৩ এপ্রিল গাছা থানার এক এসআই প্রথম করোনায় আক্রান্ত হন। তার সংস্পর্শে যারা ছিলেন এমন আরো কয়েক জনের নমুনা পরীক্ষা করে ১৬ এপ্রিল গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার ও পুলিশের আরো দুই সদস্য এবং থানার বাবুর্চির করোনা পজিটিভ শনাক্ত হয়। গত ১৮ এপ্রিল ঐ থানার আরো ২৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে সোমবার আরো ২০ জনের করোনা শনাক্ত হয়। এনিয়ে গাছা থানার ২৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। গাছা থানার আরো ৪২ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।
এছাড়া জেলা পুলিশের কালীগঞ্জ থানার সাত পুলিশ সদস্যের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশের কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত। ঐ থানার আরো কয়েক সদস্যের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ জানান, নারায়ণগঞ্জে গত সোমবার সকাল সাড়ে ৮টা হতে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ১০ জন করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম। এ সময়ে জেলায় তিন জন মারা গেছেন বলে জানান তিনি। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ তথ্য জানান তিনি।
জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৪৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে প্রাপ্ত ফলাফলে ১০ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ১২০৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ৪৫৪ জনের ফলাফলে পজিটিভ এসেছে।
মানিকগঞ্জে নতুন আক্রান্ত দুই নারী
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জে গতকাল নতুন করে দুই জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজনের বাড়ি শিবালয় ইউনিয়নের ১ নম্বর ওয়াডের নতুন পাড়ায়। অপরজন মানিকগঞ্জ শহরের পুরাতন বাজারের টিনপট্টি এলাকার বাসিন্দা। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ জনে।
মঙ্গলবার বিকালে সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।
সিরাজদিখানে অ্যাম্বুলেন্স চালকসহ আক্রান্ত ৪
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালকসহ ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিরাজদিখান উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। নতুন আক্রান্তদের মধ্যে দুই জন নারী ও দুই জন পুরুষ। গতকাল দুপুর ২টার দিকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
সাভারে ট্রাফিক পুলিশ আক্রান্ত
স্টাফ রিপোর্টার, সাভার জানান, সাভারে বসবাসকারী একজন ট্রাফিক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজমুল হুদা মিঠু। করোনা আক্রান্ত ওই ট্রাফিক পুলিশ সদস্য সাভারের আমিনবাজারে ৭ নম্বর ওয়ার্ডের পাঁচগাছিয়া গ্রামের বাসিন্দা। তিনি রাজধানী ঢাকার মোহম্মদপুরে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ওই পুলিশ সদস্যের বাড়িটি লকডাউন করা হয়েছে।