ত্রাণ নিয়ে অনিয়মে জড়িত জনপ্রতিনিধিদের ছাড় নেই :স্থানীয় সরকার মন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, করোনা ভাইরাস সংক্রমণের বৈশ্বিক মহামারিতে যেসব জনপ্রতিনিধি গরিব জনগোষ্ঠীর জন্য দেওয়া ত্রাণসামগ্রী নিয়ে অনিয়ম বা আত্মসাত্ করবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। গতকাল মঙ্গলবার রাজধানীর উত্তরায় রাজউক, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ কয়েকটি খাল পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। মন্ত্রী বলেন, সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও মহামারি থেকে রক্ষা পেতে ঘরে থাকার জন্য বলা হয়েছে। এ অবস্থায় দেশের প্রান্তিক গরিব জনগোষ্ঠীর জন্য সরকার প্রদত্ত খাদ্যসহায়তা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বণ্টন করা হচ্ছে। এসব ত্রাণসামগ্রী বিতরণকালে যদি কোনো অনিয়ম খুঁজে পাওয়া যায়, তাহলে আমরা তড়িত্ ব্যবস্থা গ্রহণ করছি। ত্রাণ নয়ছয় করা হলে কোনো ধরনের অনুকম্পা তারা পাবে না। মন্ত্রী আরো বলেন, এসব অনিয়ম বা ত্রাণ আত্মসাতের সঙ্গে জড়িত বেশ কিছু জনপ্রতিনিধিকে ইতিমধ্যে আমরা বহিষ্কার করেছি।