ইত্তেফাক রিপোর্ট
ভারতের চেন্নাই ও তুরস্কে আটকে পড়া মোট ১৮৯ বাংলাদেশি গতকাল মঙ্গলবার দেশে ফিরেছেন। এর মধ্যে তুরস্ক থেকে ২০ জন ও চেন্নাই থেকে ১৬৯ জন ফিরেছেন।
তুরস্ক থেকে দেশে ফিরেছেন ২০ বাংলাদেশি। গতকাল দুপুর ১২টার দিকে বাংলাদেশিদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টার্কিশ এয়ারের একটি বিমান। গণমাধ্যমকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা সোহেল কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ফিরতি ফ্লাইটে বেলা সোয়া ১টার দিকে বিমানটিতে ১৫৪ জন তুরস্কের নাগরিক নিজ দেশে ফিরে যান। অপরদিকে দুপুর ৩টা ১৫ মিনিটে চেন্নাই থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট ১৬৯ জনকে দেশে আনে। এর আগে ২০ এপ্রিল ভারতের চেন্নাই থেকে ১৬৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেন।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ঢাকা থেকে চেন্নাই ও কলকাতায় আটটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ছয়টি ফ্লাইটে চেন্নাই থেকে ঢাকা এবং ২১ ও ২৩ এপ্রিল দুইটি ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালিত হবে। এদিকে ভারতের দিল্লিতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিশেষ ফ্লাইটি ২৪ এপ্রিল ভারতে যাবে।