লাজ ফার্মা ও তামান্না ফার্মেসিকে জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

ইত্তেফাক রিপোর্ট

মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বেশি দামে গুঁড়াদুধ বিক্রির অপরাধে রাজধানীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল টিম। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মণ্ডল। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে লাজ ফার্মার শান্তিনগর শাখাকে ১০ হাজার টাকা এবং ১ হাজার ৭০০ টাকার আমদানিকৃত শিশুখাদ্য (গুঁড়াদুধ) ৩ হাজার ৬০০ টাকায় বিক্রয় করার অপরাধে শান্তিনগরের তামান্না ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল অভিযানে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ও টিসিবির নিত্যপণ্য বিক্রয় কার্যক্রম (ট্রাক সেল) তদারকি করা হয়।