মানুষ থেকে মানুষের ছড়িয়ে পড়ছে করোনা। এসব তথ্য নিশ্চিত হওয়া গেলেও নিশ্চিত হওয়া যাচ্ছে না ঠিক কীভাবে এই ভাইরাস এসেছে মানুষের শরীরে। নানা তথ্যই সামনে এসেছে এ নিয়ে। তবে এবার মোটামুটি নিশ্চিত করে একটি তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা (ডব্লিউএইচও)। চীনের হুবেই প্রদেশের উহানের কোনও ল্যাব নয়, বরং কোনো প্রাণীর মাধ্যমে এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করেছে বলে দাবি করেছে সংস্থাটি।
উহানের ভাইরোলজি ল্যাবে এই ভাইরাসের জন্মেছে বলে দাবি করে সমপ্রতি মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক তাকেসি কাসাই বলেন, এই পর্যায়ে এসে ভাইরাসটির যথাযথ উত্স নির্ধারণ করা সম্ভব নয়। তবে এখন পর্যন্ত যেসব প্রমাণ রয়েছে তাতে বলা যায়, কোনও প্রাণীর মাধ্যমেই মানুষের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে।
গতকাল সংস্থার অনলাইন ব্রিফিংয়ে তিনি আরও বলেন, করোনার উত্পত্তি নিয়ে গবেষকরা গবেষণা চালিযে যাচ্ছেন। বাদুড়ের মাধ্যমে এই ভাইরাস আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে মানুষের শরীরে প্রবেশ করেছে তা আমরা নিশ্চিত করে জানি না। মার্কিন সরকারের সূত্রের বরাত দিয়ে গত সপ্তাহে ফক্স নিউজ ও ওয়াশিংটন পোস্ট করোনাকে উহানের ল্যাব থেকে উত্পাদিত ভাইরাস বলে অভিহিত করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই মত দেন এবং খবর সঠিক হলে চীনকে কঠোর পরিণতির হুমকি দেন।
বিষয়টি নিয়ে জোর গবেষণা চলছে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, গত বছরের নভেম্বর বা ডিসেম্বরে একটি বন্যপ্রাণীর মার্কেট থেকেই এই ভাইরাসে সংক্রমণ শুরু। সূত্র: ডেইলি মেইল