সিকিমে তুষারপাতে আটকে পড়া তিন হাজার পর্যটককে উদ্ধার

সিকিমে আটকে পড়া পর্যটকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলো ভারতীয় সেনাবাহিনী। ছুটির আনন্দ প্রায় মাটি হয়ে যেতে বসেছিল! সিকিম বেড়াতে গিয়ে হঠাত্ করেই প্রবল তুষারপাত। আর তাতেই আটকে পড়েন কয়েক হাজার পর্যটক। শেষে ভারতীয় সেনা তাদের সকলকে উদ্ধার করে। শুধু তাই নয়, উদ্ধারের পর নিজেদের ছাউনি ফাঁকা করে পর্যটকদের আশ্রয়, খাবার-দাবার, ওষুধ, শীতের পোশাক সবকিছুর ব্যবস্থাও তারা করে। খবর আনন্দবাজার পত্রিকা

গ্যাংটক থেকে শুক্রবার চীন সীমান্তের কাছে না থুলা পাস, ছাঙ্গু লেক এবং বাবা মন্দির বেড়াতে গিয়েছিলেন পর্যটকরা। বৃহস্পতিবার থেকেই ওইসব জায়গায় ঝির ঝির করে বরফ পড়ছিল। কিন্তু শুক্রবার দুপুর থেকে তার প্রাবল্য বাড়তে থাকে। ফলে ওইসব এলাকায় আটকে পড়েন প্রায় তিন হাজার পর্যটক।

খবর পেয়ে উদ্ধারকাজে নামে ভারতীয় সেনাবাহিনী। রাস্তা থেকে বরফ সরিয়ে পর্যটকদের কাছাকাছি পৌঁছান তারা। একে একে সকলকেই উদ্ধার করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, পর্যটকদের মধ্যে শিশু এবং মহিলারাও রয়েছেন। উদ্ধারের পর ১৭ মাইল ছাউনিতে আশ্রয় দেওয়া হয়েছে প্রায় আড়াই হাজার পর্যটককে। বাকিদের ১৩ মাইল সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয়েছে। সকলের জন্য খাবার, পানীয় এবং ওষুধের পাশাপাশি পর্যাপ্ত গরম পোশাকেরও ব্যবস্থা করা হয়েছে।

 সেনা সূত্রে খবর, খারাপ আবহাওয়ার জন্য ওই এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। ইন্টারনেটও কাজ করছে না। রাস্তায় বরফ  গাড়ি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। গাড়ি পিছলে যাচ্ছে। পিকআপ নিলেও এগোচ্ছে না বলে সেনাসূত্রে খবর। ইতোমধ্যেই ওই এলাকার আশেপাশের রাস্তা থেকে বরফ সরানোর কাজে নেমেছে সেনা সদস্যরা। দ্রুতগতিতে সে কাজও চলছে। যাতে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা যায়। তবে পারদ দ্রুত নামতে থাকায় সে কাজ খুব একটা সহজ হচ্ছে না। সব পর্যটকদের সুরক্ষিতভাবে গ্যাংটকে পৌঁছে না দেওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছে সেনা কর্মকর্তারা।