বেনাপোলে ৮০ বোতল ফেনসিডিলসহ শিক্ষক আটক

করোনার ভয়াবহতার মধ্যেও ফেনসিডিল পাচারে পিছিয়ে নেই সমাজের উঁচু তলার মানুষও। যশোরের বেনাপোলে বিজিবির ৪৯ ব্যাটালিয়ন সদস্যরা ৮০ বোতল ফেনসিডিলসহ বরিশালের এক শিক্ষককে আটক করেছে। এ সময় শিক্ষকের সঙ্গে থাকা বরিশালের আরো কয়েকজন পালিয়ে গেছে বলে জানিয়েছে বিজিবি। আটক ব্যক্তির নাম নজরুল ইসলাম সুমন। তিনি বরিশাল গভর্মেন্ট মডেল স্কুল এবং কলেজের সহকারী শিক্ষক।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যাট কর্নেল সেলিম রেজা জানান, সোমবার সীমান্তবর্তী পুটখালি সড়ক দিয়ে বেনাপোল বাজার হয়ে বরিশাল যাওয়ার পথে শিকড়ি বটতলা নামক স্থানে টহল বিজিবি সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তার ঘাড়ে ঝুলানো স্কুল ব্যাগ তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল দেখতে পায়।

আটক নজরুল ইসলাম সুমন সাংবাদিকদের বলেন, তারা ছয় জন বরিশাল থেকে মোটরসাইকেলযোগে বেনাপোলে ফেনসিডিল নিতে আসেন। ইতিপূর্বে অনেকবার তারা ফেনসিডিল নিয়ে গেছেন একই কায়দায়। গোটা বরিশাল শহরের মাদকের নিয়ন্ত্রণ তাদের হাতে। সুমন আরো জানায়, তাদের সঙ্গে ছিল বরিশালের সদর হাসপাতালের ডাক্তার মিঠু, উত্তরা ব্যাংক কর্মকর্তা ডোনা, ব্যবসায়ী  বুলেট এবং মনির। তারা বিজিবির চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে।  আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।