আরো ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৩৪

মহামারি করোনা ভাইরাস দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে ১১০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন আরো ৪৩৪ জন। এতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৮২ জন। গতকাল মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাসসংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১২৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২ হাজার ৯৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৫৭৮টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরো ৪৩৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।     এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরো দুজন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ৮৭। নতুন করে যারা মারা গেছেন, তাদের মধ্যে পাঁচ জন পুরুষ ও চার জন নারী। বয়স বিশ্লেষণে দেখা গেছে, তাদের মধ্যে ষাটোর্ধ্ব তিন জন, পঞ্চাশোর্ধ্ব তিন জন এবং চল্লিশোর্ধ্ব তিন জন।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৮৯ জনকে। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ৭৬৫ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন দুজন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন ৫৭৯ জন। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ৪ হাজার ১৬৮ জনকে। এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে এক লাখ ৫৩ হাজার ৭৯৪ জনকে। গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ১ হাজার ৪২৪ জনকে। এ পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ৭ হাজার ১২ জনকে। গত ২৪ ঘণ্টায় মোট কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ৫ হাজার ৫৯২ জনকে এবং এ পর্যন্ত নেওয়া হয়েছে ১ লাখ ৬০ হাজার ৮০৬ জনকে। বর্তমানে মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ৭৭ হাজার ৯৩১ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৫ হাজার ৮৭৪ জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন ৭৭ হাজার ৪ জন। গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন দুই হাজার ১৯২ জন। যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন তারা সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন, তবে তাদের এ মুহূর্তে ঘরের বাইরে না যাওয়াই ভালো। বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তার রোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।