চট্টগ্রাম বন্দরের জট কমাতে সহায়তায় প্রস্তুত ১৯ প্রাইভেট আইসিডি

চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে আমদানি পণ্যভর্তি কনটেইনারে সৃষ্ট জট নিরসনে চট্টগ্রামের ১৯টি প্রাইভেট ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) প্রস্তুত রয়েছে। সম্প্রতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বন্দর ব্যবহারকারীদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে প্রাইভেট আইসিডিগুলোর সর্বোচ্চ সহায়তা নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হলেও পুরো বিষয়টি এনবিআরসহ বিভিন্ন সরকারি সংস্থার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

আইসিডি সূত্র জানায়, চট্টগ্রামের ১৯টি আইসিডি আগে থেকেই শত ভাগ রপ্তানি পণ্যের কনটেইনারসহ ৩৮টি আমদানি পণ্যের অফডকিং ও হ্যান্ডলিং ডেলিভারি করে আসছিল। দুদিন আগে আগামী তিন মাসের জন্য আরো ছয়টি আমদানি পণ্যের কনটেইনার অফডকিং করার অনুমোদন দেওয়া হয়েছে। বন্দর থেকে আমদানিকারকরা তাদের পণ্যভর্তি কনটেইনার ডেলিভারি না নেওয়ায় চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডসমূহে এখন আমদানি পণ্যভর্তি কনটেইনারের সংখ্যা বন্দরের ধারণ ক্ষমতাকে ছাড়িয়ে গিয়ে জটের সৃষ্টি করেছে। বন্দরের ধারণক্ষমতা ৪৯ হাজার টিইইউ হলেও সেখানে এই ধারণক্ষমতা ছাড়িয়ে বিপুলসংখ্যক কনটেইনার ডেলিভারির অপেক্ষায়। সূত্রটি জানায়, ২৫ এপ্রিল পর্যন্ত বন্দরে আমদানি পণ্যের কনটেইনারের ওপর ফ্রি টাইম ঘোষিত হওয়ায় এবং অনেক শিল্প-কারখানা বন্ধ থাকায় অনেকেই কনটেইনার ডেলিভারি নিতে দেরি করছে।

বাংলাদেশ প্রাইভেট ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নুরুল কাইউম খান ইত্তেফাককে বলেন, চট্টগ্রামে ১৯টি প্রাইভেট আইসিডির কনটেইনার ধারণ ক্ষমতা হচ্ছে ৬৫ হাজার টিইইউ (বক্স)। বন্দরে কনটেইনার ডেলিভারির ধীর গতিতে যে জট সৃষ্টি হয়েছে তা নিরসনে প্রাইভেট আইসিডিগুলোর সহায়তা নিতে পারেন বন্দর কর্তৃপক্ষ। প্রাইভেট আইসিডিগুলো সব আমদানি পণ্যের অফডকিং-ডেলিভারির দায়িত্ব পেলে বন্দর কর্তৃপক্ষ এই অবকাশে ইয়ার্ডে সৃষ্ট জট কাটিয়ে ওঠার কাজটি করতে পারবেন। তিনি বলেন, প্রাইভেট আইসিডিগুলোকে দৈনিক অন্তত ২০ হাজার আমদানি পণ্যের কনটেইনার অফডকিং করতে দেওয়া যেতে পারে। করোনা সংকটজনিত পরিস্থিতিতে বর্তমানে প্রাইভেট আইসিডিগুলো দৈনিক ১০০টি রপ্তানি কনটেইনার হ্যান্ডল করে। কিন্তু স্বাভাবিক সময়ে করত দৈনিক ৫ হাজার কনটেইনার। ফলে প্রাইভেট আইসিডিগুলোর স্লটসমূহ ফাঁকা পড়ে আছে। এ ব্যাপারে এনবিআরসহ সংশ্লিষ্ট সংস্থা থেকে দ্রুত সিদ্ধান্ত প্রদান করা হলে সংকট উত্তরণে একযোগে কাজ করা যাবে বলে তিনি অভিমত দেন। তিনি আরো বলেন, বন্দর ইয়ার্ডে কনটেইনার জটের কারণে অনেকগুলো জাহাজ বহির্নোঙরে অপেক্ষমাণ। টার্ন অ্যারাউন্ড টাইম দুই দিনের জায়গায় ১২ দিনে উঠে গেছে।

এদিকে বিকডা দপ্তর সূত্র ইত্তেফাককে জানায়, ২৬ মার্চ থেকে লকডাউন কার্যকর হওয়ার পর থেকে প্রাইভেট আইসিডিগুলোতে রপ্তানি পণ্যভর্তি কনটেইনার হ্যান্ডলিংয়ের হার ৮০ শতাংশ হ্রাস পেয়ে ২০ শতাংশে নেমে এসেছে। অফডকিং পণ্যের হার ৫০ শতাংশ কমে গেছে।