গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে নতুন করে ২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিভাগটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৮ জনে। অপরদিকে বরিশাল জেলায় গত ২৪ ঘন্টায় আরও সাতজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় আক্রান্তের সংখ্যা এখন ৩১ জন।
জানা গেছে, জেলার বাবুগঞ্জ উপজেলার একজন নারী (৩৬) ও একজন পুরুষ (২৬), বানারীপাড়ার একজন নারী (১৭) ও একজন পুরুষ (৪০), উজিরপুরের একজন পুরুষ (৩৮), হিজলা উপজেলার একজন মধ্য পুরুষ (৬৫) এবং বরিশাল নগরীর বাসিন্দা একজন পুরুষ (৪৫) নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত বরিশাল জেলার বাবুগঞ্জের ১০ জন, মুলাদীর একজন, হিজলায় দুইজন, আগৈলঝাড়ায় একজন, গৌরনদীতে দুইজন, উজিরপুর একজন, বানারীপাড়া দুইজন, মেহেন্দীগঞ্জে দুইজন এবং বাকেরগঞ্জে একজন করে করোনা রোগী শনাক্ত হয়েছে।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, সব শেষ রিপোর্ট পাওয়ার পরপরই ওই সাতজন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। তাদের বসবাসের আশপাশের অবস্থান চিহ্নিত করা সহ তাদের যাতায়াত এবং প্রতিবেশী ও স্বজন যাদের সংস্পর্শে তারা ছিলেন তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিবে, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাশেদুল আলম (৫৮) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) রাতে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা নিশ্চিত হতে তার শরীরের নমুনা সংগ্রহ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে সাতজন রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।
ইত্তেফাক/এসি