জামালপুর শহরে পুলিশ কর্মকর্তা, সাংবাদিক, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ ৬ জনের শরীরে নভেল করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জামালপুরের ডেপুটি সিভিল সার্জর ডা. কে এম শফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেপুটি সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান জানান, ৬ জন আক্রান্তের মধ্যে জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, একজন সাংবাদিক, জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার, একজন ওয়ার্ড বয়, একজন ব্রাদার এবং একজন বাবুর্চি রয়েছে। এদের মধ্যে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা তার নিজ বাসায় আইসোলেশনে থাকবেন এবং বাকি ৫ জনকে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন সেন্টারে রাখার ব্যবস্থা করা হচ্ছে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন।
এ নিয়ে সারা জেলায় মোট ৩২ জন আক্রান্ত হলেন। তার মধ্যে ইসলামপুরের ২ নারীর নমুনা সংগ্রহের আগেই মারা যায় এবং ময়মনসিংহ এস কে করোনা হাসপাতালে গত ২০ এপ্রিল দেওয়ানগঞ্জের দুলাল মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আক্রান্তের মধ্যে জামালপুর সদরে ১০ জন, মাদারগঞ্জে ৯ জন, ইসলামপুরে ৫ জন, দেওয়ানগঞ্জে ৩ জন, মেলান্দহে ৩ জন এবং বকশীগঞ্জে ২ জনসহ মোট ৩২ জন রয়েছে।
ইত্তেফাক/ইউবি