শক্ত মানসিকতা নিয়ে আসছে উইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার

টেস্টে হোয়াইটওয়াশ হলেও ভারতের মাটিতে ওয়ানডেতে নিজেদের সামর্থ্যের পরিচয় দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। একটি ম্যাচ জয়ের সাথে একটি ম্যাচ টাইও করেছে। এমনকি টি-টোয়েন্টি সিরিজেও ভারতের লড়াইটা সহজ ছিল না। সব মিলিয়ে বাংলাদেশ সফরের আগে আশাবাদী ক্যারিবিয়ানরা।

বাংলাদেশের মাটিতেও নিজেদের শক্ত মানসিকতা ধরে রাখার প্রত্যয় জানালেন দলের টি-টোয়েন্টি অধিনায়ক কার্লোস ব্রেথওয়েট। ভারতের মাটিতে প্রায় দেড় মাসের লম্বা সিরিজ শেষে তিনি বলেন, ‘দল মানসিকভাবে অনেক এগিয়ে আছে। সীমিত সামর্থ্যের একটা দল নিয়ে আমরা মাঠে নিজেদের সেরাটা দিয়েছি। টি-টোয়েন্টি সিরিজে আমরা সবগুলো ম্যাচে হেরেছি, অধিনায়ক হিসেবে এটা আমার জন্য হতাশাজনক। তবে, দলের সামর্থ্যের কথা বিবেচনা করলে বলতে হয় যে, আমার মাথা উঁচুতেই আছে। কারণ আমরা নিজেদের দক্ষতার জায়গাগুলো কাজে লাগাতে পেরেছি।’

লম্বা সিরিজ খেলতে আজ বুধবার বিকাল চারটা পাঁচ মিনিটে সরাসরি ভারত থেকে জেট এয়ারওয়েজে বাংলাদেশের মাটিতে পা রাখছে ওয়েস্ট ইন্ডিজ দলের ১০ সদস্য। সন্ধ্যা সাতটা ২৫ মিনিটের ফ্লাইটে দলটি চলে যাবে চট্টগ্রামে। বাকি ১৭ জন তিনটি ভাগে ভাগ হয়ে পরদিন আসবে সুদূর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক বিভাগ এই খবর নিশ্চিত করেছে।

সিরিজ শুরু হবে টেস্ট দিয়ে। আগামী ২২ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। এরপর ৩০ নভেম্বর ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। টেস্ট সিরিজ শুরুর আগে আগামী ১৮ নভেম্বর থেকে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা।

বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিতব্য সিরিজে ভারতের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় উইন্ডিজ। ব্রেথওয়েট বলেন, ‘আমরা ভারত সিরিজে যা শিক্ষা পেয়েছি, সেটা নিয়েই সামনে এগোতে চাই। এটা নিয়ে কাজ করে তবেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু করতে চাই। ভারতের মাটিতে যেমন সামর্থ্যের প্রয়োগ দেখিয়েছি, সেটা বাংলাদেশেও করতে পারলে ভাল ফলাফল আসা সম্ভব।’

এই সিরিজটা ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসেবে স্টুয়ার্ট ল’র শেষ অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে। দুই টেস্ট ছাড়াও বাংলাদেশের মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। নয় ডিসেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২২ ডিসেম্বর শেষ হবে চলতি বছরে বাংলাদেশের শেষ আন্তর্জাতিক সিরিজ।