চীনে আটক কানাডীয় শিক্ষকের মুক্তি

টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেং ওয়ানঝৌকে গ্রেফতারের পর চীন যে তিন কানাডীয়কে আটক করেছিল তাদের একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। মুক্ত ওই কানাডীয় শিক্ষক দেশে ফিরেছেন বলে শুক্রবার কানাডার সরকারের এক মুখপাত্র জানিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্স

চীন কবে মুক্তি দিলো, কবে ওই কানাডীয় দেশে ফিরেছেন মুখপাত্র তার বিস্তারিত জানাননি। ভ্যাঙ্কুবারে বিমান বদলানোর সময় গত ১ ডিসেম্বর কানাডার কর্তৃপক্ষ হুয়াওয়ের সিএফও মেং ওয়ানঝৌকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ইরান নিষেধাজ্ঞা নিয়ে বহুজাতিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে।

মেংয়ের কারণে ওই প্রতিষ্ঠানগুলো মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকিতেও পড়ে। হুয়াওয়ের এ সিএফওকে কানাডা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ক্ষুব্ধ চীন মেংকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানায়। তা না হলে অটোয়াকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেয়। বেইজিং পরে সাবেক এক কূটনীতিক, ব্যবসায়ীসহ কানাডার তিন নাগরিককেও আটক করে।

বেইজিং ও অটোয়া কেউই মেংয়ের গ্রেফতারের সঙ্গে তিন কানাডীয়কে আটকের ঘটনার সম্পর্কের কথা স্বীকার করেনি। গত সপ্তাহে কানাডার পররাষ্ট্র্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড চীনে আটক বাকি দুই নাগরিকের মুক্তি দাবি করলেও সারাহর বিষয়ে কিছু বলেননি। কানাডীয় এ শিক্ষকের মুক্তির ব্যাপারে তাত্ক্ষণিকভাবে বেইজিংয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে রয়টার্স জানিয়েছে।