করোনায় আক্রান্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষী। গতকাল তাকে জিনজিরার একটি ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে তার রুমে থাকা ৩ কারারক্ষীকে। বাংলাদেশের কারাগারগুলোতে কর্মরত কোনো রক্ষী এই প্রথম করোনায় আক্রান্ত হলেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব হোসেন জানান, ঐ কারারক্ষী কখনো কারাগারে ডিউটি করেনি। তিনি রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারের মেসে থাকেন। সেখান থেকেই বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন বন্দিদের পাহারার দায়িত্ব পালন করতেন। গত রবিবার ঐ কারারক্ষী জ্বর-ঠান্ডা ও কাশি অনুভব করেন। পরে তাকে করোনা টেস্ট করানো হলে পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে তাকে জিনজিরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি তার রুমে থাকা আরো তিন কারারক্ষীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে কোনো হাসপাতাল থেকে ঐ কারারক্ষী করোনায় আক্রান্ত হয়েছে।
কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন জানান, এখনো দেশের কোনো কারাগারে কোনো বন্দির মধ্যে করোনা উপসর্গ দেখা দেয়নি। তার পরেও সারাদেশে আটটি আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। নতুন বন্দিদের বিষয়ে আমরা সতর্ক রয়েছি জানিয়ে তিনি বলেন, নতুন বন্দি কারাগারে ঢোকার পর তাদের ১৪ দিন সাধারণ বন্দিদের থেকে আলাদা করে রাখা হয়। এই সময়ের মধ্যে কারো করোনা উপসর্গ দেখা দিলে নির্ধারিত ইউনিটে পাঠিয়ে দেওয়া হবে।