বগুড়া শহরে করতোয়া নদীর ওপর ঝুঁকিপূর্ণ ফতেহ আলী ব্রিজ

বগুড়া শহরে করতোয়া নদীর ওপর নির্মিত ফতেহ আলী ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় দুই পাশে পিলার বসিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রিকশা ছাড়া অন্য কোনো যানবাহন ওই ব্রিজের ওপর দিয়ে চলাচল করতে পারে না। বগুড়া শহরের সঙ্গে সারিয়াকান্দি ও গাবতলী উপজেলার সংযোগ সড়ক ওই ব্রিজটি বগুড়ার পূর্ব জনপদের মানুষের শহরে প্রবেশের অন্যতম পথ। দীর্ঘদিন ব্রিজটি বন্ধ করে দেওয়ায় পূর্ব জনপদ থেকে মালামাল বোঝাই যানবাহন ওই পথে শহরে প্রবেশ করতে পারে না। কৃষকরাও উত্পাদিত পণ্য বিক্রির জন্য শহরে নিতে নানা দুর্ভোগের শিকার হয়। স্বাধীনতার পরে নির্মিত গুরুত্বপূর্ণ এই ব্রিজটি দীর্ঘ সময় ভারী যানবাহন চলাচল করায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান,  ঝুঁকিপূর্ণ ব্রিজটি অপসারণ করে নতুন ব্রিজ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অর্থ বরাদ্দ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।