তিন টেনিস তারকার তহবিল

করোনা ভাইরাস প্রতিরোধ

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাস মহামারিতে যখন গোটা ক্রীড়াবিশ্ব থমকে আছে তখন একে একে এগিয়ে আসছেন তারকারা। এবার সেই তালিকায় যোগ হলেন সময়ের অন্যতম সেরা তিন টেনিস তারকা—রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ। টেনিসের এই ত্রয়ী একটি তহবিল গঠন করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এই তথ্য জানান জকোভিচ। তিনি বলেন, ‘বিশ্ব র্যাংকিংয়ে যারা ২০০ থেকে ২৫০ মধ্যে এবং ৭০০ বা ১০০০তম তে আছে, তাদের বেশিরভাগই ফেডারেশনের সাহায্য পায় না, তাদের স্পন্সরও নেই। তারা পুরোপুরি নিজের ওপর নির্ভরশীল ও একা। অনেকেই টেনিস ছাড়ার কথা ভাবছে, বিশেষ করে যারা র্যাংকিংয়ে ৭০০র পরে আছে।’ সার্বিয়ান তারকা আরো জানান, খেলোয়াড়রা, এটিপি এবং চারটি গ্র্যান্ড স্ল্যাম মিলে এই তহবিল গঠন করা হবে। যেখান থেকে এটিপি সবাইকে আর্থিক সহায়তা দেবে। ৩০ থেকে ৪৫ লাখ ডলার বিতরণ করা যেতে পারে, ধারণা  জোকোভিচের। তাদের এই পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন র্যাংকিংয়ে ৪৩তম স্থানে থাকা জন মিলম্যান। তার মতে, অতীতে র্যাংকিংয়ের নিচের সারির খেলোয়াড়দের বেশি পরিমাণে অর্থ দেওয়া উচিত ছিল। তিনি বলেন, ‘র্যাংকিংয়ে ২৫০-৭০০ তে থাকা খেলোয়াড়দের সাহায্য করাই যদি ভাবনা হয়, তাহলে এটা বুঝতে বৈশ্বিক মহামারির প্রয়োজন হলো কেন?’