২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর লাহোরে সন্ত্রাসী হামলা হয়েছিল। তাতে দীর্ঘকাল পাকিস্তানে ক্রিকেট নির্বাসনে ছিল। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটসম্যান জহির আব্বাস বলছেন, লাহোর হামলার মতোই দেশটির ক্রিকেটের ক্ষতি করেছে ফিক্সিং।
সম্প্রতি পিসিবি সরকারকে বলেছে, ফিক্সিংকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করার জন্য। আর এই প্রস্তাব স্বাগত জানিয়ে জহির বলেছেন, ‘পাকিস্তান বোর্ডের এই ঠিক কাজটাই করতে হবে। কারণ অনেক দিন ধরে দুর্নীতির বিষয়গুলো আমরা হালকাভাবে সামলেছি। এর ফলে কেলেঙ্কারিগুলো আরো বেড়ে গেছে। যা আমাদের ভাবমূর্তি মারাত্মকভাবে নষ্ট করেছে এবং আমাদের ক্রিকেটের অগ্রগতিতেও আঘাত হেনেছে।’