কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম দুই জন রোগী শনাক্ত হয়েছে। বুধবার সকালে ঐ দুই করোনা রোগী শনাক্ত হয়। কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এদের মধ্যে এক জন ব্যাংক কর্মকর্তা ও অপর জন ট্রাক চালক।
কুষ্টিয়ার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আর এম ও ডা. তাপস কুমার সরকার জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা ঐ দুই জনের নমুনা পরীক্ষায় পাওয়া রিপোর্টে তারা করোনা ভাইরাস আক্রান্ত বলে শনাক্ত হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাবরেটরিতে তাদের নমুনা পরীক্ষা করা হয়। কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঐ দুই রোগীর বাড়ি ও আশপাশের এলাকা লকডাউনসহ স্বাস্থ্য মেনে চলতে কঠোরতা আরোপ করা হয়েছে।