আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগে রংপুর বিভাগের আট জেলায় এবার ভোটারের সংখ্যা বেড়েছে প্রায় পৌনে ১৩ লাখ। এই ভোটারদের মধ্যে অধিকাংশই নারী ও তরুণ। রংপুর জেলায় নারী ভোটারের সংখ্যা বাড়লেও মোট ভোটার বৃদ্ধির তালিকায় শীর্ষে রয়েছে দিনাজপুর জেলা। রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসের এক সূত্র মতে, দশম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের আট জেলায় মোট ভোটার ছিল ১ কোটি ৩ লাখ ১১ হাজার ৪০৮ জন । একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৫ লাখ ৮৫ হাজার ২৬৪ জন। সেই অনুযায়ী এবার রংপুর বিভাগে ভোটার বেড়েছে ১২ লাখ ৭৩ হাজার ৮৫৬ জন।
সাবেক ভোটার তালিকায় রংপুর জেলায় মোট ভোটার ছিল ১৯ লাখ ২০ হাজার ৭৯২ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তা বেড়ে দাঁড়িয়েছে ২১ লাখ ৩৪ হাজার ৩৭৫ জন। পঞ্চগড়ে ভোটার ছিল ৬ লাখ ১৫ হাজার ৭৯৮ জন। এখন ভোটারের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ১৩ হাজার ৬৪৮ জন। ঠাকুরগাঁওয়ে ছিল ৮ লাখ ৭৬ হাজার ৮০৮ জন। এ বছর মোট ভোটারের সংখ্যা ৯ লাখ ৯৫ হাজার ১৭৬ জন। দিনাজপুরে গত নির্বাচনে ভোটার ছিল ১৯ লাখ ৬৭ হাজার ২৩১ জন। এ বছর মোট ভোটার ২২ লাখ ৬ হাজার ৪৪০ জন। নীলফামারীতে ছিল ১১ লাখ ৪৮ হাজার ৭২৬ জন। আর এবার ১২ লাখ ৮৮ হাজার ৬১৮ জন। লালমনিরহাটে ছিল ৮ লাখ ২ হাজার ৪৮৪ জন, বেড়ে হয়েছে ৯ লাখ ১৫ হাজার ৭৮৮ জন। কুড়িগ্রামে ভোটার ছিল ১৩ লাখ ৭৫ হাজার ১৪০ জন। এবার নতুন ভোটার হয়েছে ১৫ লাখ ৪৬ হাজার ৬৭৪ জন। এছাড়া গাইবান্ধা জেলায় গত নির্বাচনে ভোটার ছিল ১৬ লাখ ৪ হাজার ৪২৯ জন। এ বছর মোট ভোটারের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ লাখ ৮৪ হাজার ৫৪৫ জন।
নির্বাচন অফিসের তথ্যমতে, হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী রংপুর জেলায় পুরুষ ভোটার সংখ্যা ১০ লাখ ৫৯ হাজার ৭৫৮ এবং নারী ভোটার ১০ লাখ ৭৪ হাজার ৬১৭ জন। অর্থাত্ পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার ১৪ হাজার ৪৫৯ জন বেশি। এবার নারী ভোটারের সংখ্যা বেড়েছে। যার বেশিরভাগই রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ভোটার।