শীর্ষ মার্কিন স্বাস্থ্য কর্মকর্তা রবার্ট রেডফিল্ডের সতর্কতা
বিবিসি
যুক্তরাষ্ট্রে দ্বিতীয় পর্যায়ে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলে তা প্রথম পর্যায়ের চেয়েও বেশি ভয়াবহ হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা রবার্ট রেডফিল্ড। তিনি বলেছেন, মৌসুমি ফ্লুর সঙ্গে এই ভাইরাসের সংক্রমণ একই সময়ে শুরু হবে।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরিচালক রেডফিল্ড সামনের মাসগুলোতে মৌসুমি ফ্লুর ধাক্কা সামলানোর জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, একই সময়ে দুইটার আক্রমণই যদি চূড়া স্পর্শ করে তাহলে তা সামাল দেওয়া হবে সত্যি, সত্যি, সত্যিই কঠিন।
ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাত্কারে করোনা ভাইরাসের সংক্রমণের ব্যাপারে তিনি বলেন, ‘আমরা বর্তমানে করোনা ভাইরাসের যে সংক্রমণের মধ্য দিয়ে যাচ্ছি, আগামী শীতে আমাদের দেশে সেটি আরো জটিল হতে পারে। রেডফিল্ড বলেন, আমি যখন এই বিপদের কথা অন্যদের বলেছি, তখন তারা মুখ ফিরিয়ে নিয়েছে। আমি কী বুঝাতে চাইছি, সেটিই তারা বোঝার চেষ্টা করছে না।’
সিডিসির পরিচালক বলেন, ‘আমরা ফ্লু মহামারির দিকে এগিয়ে যাচ্ছি এবং একই সময়ে করোনা ভাইরাস মহামারিও চলবে। সেই সময় এই মহামারি আরো বেশি ধ্বংসাত্মক রূপ ধারণ করতে পারে। উল্লেখ্য, ২০০৯ সালে এইচওয়ানএনওয়ান সোয়াইন ফ্লু মহামারির সময় যুক্তরাষ্ট্রে প্রথম ধাপের সংক্রমণের ঢেউ শুরু হয় বসন্তকালে (মার্চ থেকে জুন)। দ্বিতীয় ধাপে দেশটিতে এই ফ্লুর ভয়াবহ সংক্রমণ শুরু হয় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এবং শীতকালে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, মহামারি শুরু হওয়ার পর থেকে মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৮ লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া এই ভাইরাসে মারা গেছেন ৪৪ হাজার ৮৪৫ জন, যা বিশ্বের একক কোনো দেশে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু। করোনা ভাইরাসের বিস্তার রোধ করতে এবং চিকিত্সাব্যবস্থা ভেঙে পড়া ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন চলছে। বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষ প্রাণঘাতী এই ভাইরাস থেকে বাঁচতে এখন ঘরে অবরুদ্ধ হয়ে আছেন।