মির্জাপুরে হামলার শিকার আদাবাড়ি গহের আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তিনি।
হামলার শিকার সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ বলেন, আমাকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে এবং প্রধান শিক্ষক ও সাবেক সভাপতিসহ তাদের লোকজন আমার ওপর হামলা চালিয়েছে। ভয়ে তাদের নামে মামলাও করতে পারছি না। পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আমার চাকরি পুনঃবহাল ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারসহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান বলেন, তদন্ত সুষ্ঠু হবে না বিধায় শিক্ষা অফিসারের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সহকারী প্রধান শিক্ষকের ওপর হামলা ও তার জামা কাপড় বহিরাগত কিছু লোকজন ছিড়েছে বলে তিনি দাবি করেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আদাবাড়ি গহের আলী উচ্চ বিদ্যালয়ে তদন্তে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান ও সাবেক সভাপতি শামসুল আলম অশ্লিল ভাষায় গালিগালাজ করে সরকারি কাজে বাধা দেন। এ ছাড়া সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের ওপর হামলা করেছে। ফলে তদন্তের কাজ করা সম্ভব হয়নি। ঘটনাটি নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের মাধ্যমে ঘটনা জানার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের ডেকে এনে ঘটনার সুষ্ঠু সমাধানের কথা বলা হয়েছে। শিগগির এর সমাধান না করলে প্রধান শিক্ষক, সাবেক সভাপতিসহ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।