বেশি দামে আদা, রসুন বিক্রির দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

বেশি দামে আদা, রসুন বিক্রির অপরাধে গতকাল বুধবার রাজধানীতে অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল টিম। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মণ্ডল। শ্যামবাজারের আদা রসুন ও পেঁয়াজের পাইকারি আড়তে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আমদানিকৃত আদা ও রসুনের ক্রয়কৃত ক্যাশমেমো (এলসি কাগজপত্র) দেখাতে না পারায় এবং কারসাজির মাধ্যমে অতি মুনাফা লাভের আশায় নিজের ইচ্ছেমতো আদা, রসুনের মূল্য নির্ধারণের অপরাধে আল ফায়েদ ট্রেডার্সকে ৫ হাজার টাকা, নিউ খানজাহান আলী ট্রেডার্সকে ৫ হাজার টাকা, অজয় ট্রেডার্সকে ১০ হাজার টাকা, জননী ভান্ডারকে ১০ হাজার টাকা এবং আব্দুল্লাহপুর আজমী ট্রেডার্সকে ৫ হাজার টাকাসহ পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

গতকাল রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ছাড়াও টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম (ট্রাক সেল) তদারকি করা হয়। অভিযান প্রসঙ্গে আবদুল জব্বার মণ্ডল বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও রমজানকে কেন্দ্র করে কেউ যেন অতি মুনাফা লাভের আশায় ইচ্ছামতো পণ্যের দাম না বাড়াতে পারে সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি ভোক্তাদেরও সচেতন হওয়ার আহ্বান জানান।