কারোনা ভাইরাসের কারণে বোরো মৌসুমের ধান কাটাতে শ্রমিক সংকটে পড়েছে দেশের কৃষক। তাই ধান কাটার কাজে কৃষকদের সহযোগিতা করতে আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। গতকাল বুধবার ১৪ দলীয় জোটের যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। ১৪ দলের যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, ন্যাপের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম খান ও বাসদের রেজাউর রশীদ খান।
যৌথ বিবৃতিতে বলা হয়, দেশে এখন বোরো ধান কাটা শুরু হয়ে গেছে। চলমান করোনা সংকটকালে সময়মতো ধান কাটার কাজ যথাযথভাবে সম্পন্ন করা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ও জরুরি। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। কৃষকদের পাশাপাশি স্বেচ্ছাশ্রমে ছাত্র, যুবক ও স্বেচ্ছাসেবী কর্মীরা ধান কাটায় অংশগ্রহণ করছেন। সামনে ঝড় বৃষ্টি ও বন্যার সম্ভাবনা রয়েছে। দেশে কার্যত লকডাউনের কারণে কৃষি শ্রমিক পাওয়া দুস্কর। তবে সরকারি ব্যবস্থাপনায় ইতিমধ্যে বিশেষ করে উত্তরাঞ্চল থেকে কৃষি শ্রমিক সংগ্রহ করে বিভিন্ন যানবাহনের মাধ্যমে সিলেট ও বৃহত্তর ময়মনসিংহসহ হাওরাঞ্চলের বিভিন্ন স্থানে জরুরি ভিত্তিতে পাঠানো হচ্ছে। আমরা এই সময় আওয়ামী লীগসহ ১৪ দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাব, স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শ করে কৃষক ও খেতমজুর সংগ্রহসহ নেতাকর্মীদের স্বেচ্ছায় যার যার এলাকায় ধান কাটায় কৃষকদের সহযোগিতা করুন।