বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী বাংলাদেশে মোট জনসংখ্যার শতকরা ১৫ ভাগ প্রতিবন্ধী ব্যক্তি। যার কারণে কোভিড-১৯ দুর্যোগে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে তারা। তাই বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মরত ২১টি সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় জরুরিভিত্তিতে উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে একটি যৌথ প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কার্যালয়, এসডিজি বিষয়ক সমন্বয়ক, সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর, জাতীয় সমাজকল্যাণ পরিষদ, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, সাধারণ অর্থনীতি বিভাগ, অর্থ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মানবাধিকার কমিশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং এনজিও বিষয়ক ব্যুরোতে ই-মেইলে প্রেরণ করা হয়েছে। গতকাল বুধবার ডিজেবিলিটি অ্যালায়েন্স এসডিজিস, বাংলাদেশের আহ্বায়ক ও সাইটসেভার্স বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২১টি সংগঠনের পক্ষ থেকে জানানো দাবিগুলো হলো— কোভিড-১৯ মোকাবিলায় সকল পর্যায়ের কমিটি ও কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, সকল প্রচারণা কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগিতার বিষয়টি বিবেচনা করা, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য পেশাজীবীদের প্রশিক্ষণে প্রতিবন্ধী ব্যক্তিদের সুনির্দিষ্ট চাহিদার বিষয়সমূহ অন্তর্ভুক্ত করা, বিশেষ ব্যবস্থায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নিয়মিত স্বাস্থ্যসেবাসমূহ চালু রাখা, গুরুতর প্রতিবন্ধী ব্যক্তি, তাদের পরিচর্যাকারী, প্রতিবন্ধী নারী এবং বিদ্যালয় থেকে প্রতিবন্ধী শিশুদের সম্ভাব্য ঝরে পড়া রোধে তাদের পরিবারের জন্য নিয়মিত ভাতার বাইরে বিশেষ সুরক্ষা ভাতার ব্যবস্থা করা। এছাড়া সরকারি বেসরকারি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান করা, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুনির্দিষ্ট ও ন্যায্য অর্থ বরাদ্দ করা, কোভিড আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে লিঙ্গ, বয়স এবং প্রতিবন্ধিতা বিভাজিত উপাত্ত সংগ্রহ ও তা প্রকাশ করা।