ঈশ্বরদীতে দুর্বৃত্তের হামলায় ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

ঈশ্বরদীতে দুর্বৃত্তের হামলায় পাকশী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক উমাইর নূর রায়হান গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ঈশ্বরদী সরকারি কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং ঐ ইউনিয়নের নতুন রূপপুর এলাকার ফজলুল হকের ছেলে। মঙ্গলবার রাতে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের রূপপুর সিএনজি গ্যাস স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। ঈশ্বরদী হাসপাতালে প্রাথমিক চিকিত্সার পর তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ চক্রবর্তী ঘটনা নিশ্চিত করেছেন। ঈশ্বরদী হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গুলিবিদ্ধ   রায়হানের সঙ্গে কথা বলে অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর জানান, রায়হান ও তার বন্ধু আসাদুজ্জামান রিমন মোটরসাইকেলে যাচ্ছিলেন। এসময় রূপপুর সিএনজি গ্যাস স্টেশন অতিক্রম করার সময় পেছন থেকে একটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত অবস্থায় দুই জন তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় রায়হানকে রূপপুর পুলিশ ফাঁড়িতে নেওয়া হলে ফাঁড়ির ইনচার্জ দ্রুত গাড়ি দিয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। ঈশ্বরদীতে প্রাথমিক চিকিত্সার পর তাত্ক্ষণিক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

ঈশ্বরদী হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক উম্মে হাবিবা জানান, আহতের কোমরের নিচে গুলির চিহ্ন রয়েছে।