সাধারণ মানুষকে সহযোগিতায় ধনীদেরও এগিয়ে আসতে হবে ----------- শ. ম. রেজাউল করিম

মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম বলেছেন, ‘করোনা সংকট মোকাবিলায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের প্রস্তুতি ভালো। শেখ হাসিনার সরকার ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতার জন্য যে প্যাকেজ ঘোষণা করেছে তার মাধ্যমে আগামী তিন বছর মানুষের কল্যাণ করা সম্ভব হবে। সরকারের পাশাপাশি বিত্তবান তথা ধনীদেরও সাধারণ মানুষকে সহযোগিতায় এগিয়ে আসতে হবে। গতকাল শহরের পুরাতন বাসস্ট্যান্ডে পিরোজপুর পৌরসভার দেড় হাজার কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যেও অর্থনীতির চাকাকে সচল রাখতে কৃষি উত্পাদন, হাঁস-মুরগি, গরু-ছাগল পালন অব্যাহত রাখতে হবে। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারের গৃহীত কর্মসূচিও সফল করা অপরিহার্য। মন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন। যুবলীগের কেন্দ্রীয় সদস্য কামরুজ্জামান শামীম এ ত্রাণ বিতরণের সমন্বয় করেন। এসময় জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, সহসভাপতি শাহজাহান খান তালুকদার, যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন নান্না প্রমুখ উপস্থিত ছিলেন।