ধান কাটা শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিতে খাদ্যমন্ত্রীর নির্দেশ

আসন্ন বোরো মৌসুমে গুদামে ধান সরবরাহের সময় কৃষককে যাতে কোনো ধরনের হয়রানির স্বীকার না হয় সেদিকে দৃষ্টি রাখতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

গতকাল বুধবার রাজধানীর মিন্টো রোডস্থ সরকারি বাসভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে নওগাঁর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলার খাদ্য বিভাগ, কৃষি বিভাগ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশ দেন। এ সময় তিনি ধান কাটা শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত এবং সরকারি গুদামে ধান সংগ্রহকালে করণীয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেন । উল্লেখ্য, খাদ্য উদ্বৃত জেলা নওগাঁয় আগত ধান কাটা শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি সরকারি গুদামে ধান সংগ্রহকালেও একই ব্যবস্থা চালু থাকবে। এ জন্য নিজস্ব অর্থায়নে মাস্ক, পিপিই, তাপমাত্রা মাপার যন্ত্র/থার্মাল স্ক্যানার সরবরাহ করেছেন খাদ্যমন্ত্রী। চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ৮ লাখ টন ধান ও সাড়ে ১১ লাখ টন চাল কিনবে সরকার। আগামী ২৬ এপ্রিল থেকে সংগ্রহ অভিযান শুরু হবে।