করোনা মহামারির কারণে সংকটে পড়া ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ও হাসপাতালের জন্য এবং জাতীয় পর্যায়ে করোনা পরীক্ষার গতি বাড়াতে মোট ৪৮ হাজার ৪০০ কোটি ডলারের (৪১ লাখ ১৪ হাজার কোটি টাকা) নতুন তহবিল অনুমোদন করেছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। আলজাজিরার এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, এই বিল নিয়ে কয়েক দিন ধরে রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতাদের মধ্যে আলোচনা চলছিল। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ও ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের দাবি ছিল, মার্কিন অর্থনীতি দ্রুত চালু করতে হলে জাতীয় পর্যায়ে করোনা পরীক্ষার কৌশল প্রণয়ন করা খুবই জরুরি। তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউজ এ খাতে ২ হাজার ৫০০ কোটি ডলার (২ লাখ ২ হাজার ৫০০ কোটি টাকা) দিতে সম্মত হয়েছে। এরপরই সিনেটে বিলটি সর্বসম্মতিতে পাশ হয়। আজ বৃহস্পতিবারই বিলটি ভোটাভুটির জন্য প্রতিনিধি পরিষদে উত্থাপিত হতে পারে।
নতুন তহবিল থেকে ৩২ হাজার কোটি ডলার (২৭ লাখ ২০ হাজার কোটি টাকা) ‘ক্ষমাযোগ্য ঋণ’ হিসেবে দেওয়া হবে ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে। যাতে অর্থনীতি আবারও চালু হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের বেতন অব্যাহত রাখে। এর আগে গত মার্চে আর্থিক সংকট এড়াতে ট্রাম্প প্রশাসন ২ লাখ কোটি ডলারের একটি প্যাকেজ অনুমোদন করে। ঐ তহবিল থেকে ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য ৩৫ হাজার কোটি ডলার (২৯ লাখ ৭৫ হাজার কোটি টাকা) বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এই অর্থ চাহিদার তুলনায় অনেক কম ছিল, যে কারণে নতুন করে আবারও তহবিল বরাদ্দ দেওয়া হচ্ছে। হাসপাতালগুলোকে ৭ হাজার ৫০০ কোটি ডলার (৬ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা) দেওয়া হবে। এছাড়া রাজ্যগুলোকেও এই তহবিল থেকে বরাদ্দ দেওয়া হবে।