করোনার চিকিত্সায় হাইড্রোক্সিক্লোরোকুইনের সুফল মেলেনি, মৃত্যুর হার বেশি

করোনা ভাইরাসের চিকিত্সায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল উচ্চারিত হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধটি ব্যবহার করে তেমন কোনো সুফল পাওয়া যায়নি বলে উল্লেখ করেছেন গবেষকেরা। তারা বলেছেন, এটি সেবন করা রোগীদের মধ্যে বরং মৃত্যুর হার বেশি বলে দেখা গেছে। তাই প্রাণঘাতী এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করে ফল পাওয়া যাবে বলে বিশ্ব জুড়ে যে আলোচনা তৈরি হয়েছিল, সেটি আর ধোপে টিকল না। গবেষকেরা বলছেন, করোনার চিকিত্সায় এই ওষুধের কোনো কার্যকারিতা নেই। মার্কিন সামরিক বাহিনীর  প্রবীণ কর্মকর্তাদের শরীরে হাইড্রোক্সিক্লোরোকুইন কতটা কাজ করেছে তা নিয়ে মার্কিন সরকারের অর্থায়নে গবেষণাটি সম্পন্ন হয়েছে। ঐ গবেষণা নিবন্ধ ও তার ফল প্রকাশিত হয়েছে medrxiv.org ঠিকানার একটি মেডিক্যাল ওয়েবসাইটে। তবে তাদের এই গবেষণা সমগোত্রীয় কোনো গবেষণা প্রতিষ্ঠান এখনো যাচাই করেনি। তাই একে ত্রুটিমুক্ত বলে ঘোষণা করার সময় আসেনি এখনো।

গবেষণাটি করতে গত ১১ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র জুড়ে করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হয়ে সুস্থ কিংবা মৃত্যুবরণ করা ৩৬৮ জনের মেডিক্যাল রিপোর্ট যাচাই করেছেন গবেষকেরা। এতে দেখা যায়, হাইড্রোক্সিক্লোরোকুইন সেবন করেছেন এমন রোগীর মৃত্যুর হার ২৮ শতাংশ। অথচ অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন সেবনকারীদের মৃত্যুর হার ২২ শতাংশ। যারা সাধারণ চিকিত্সাসেবা নিচ্ছেন, তাদের মৃত্যুর হার ১১ শতাংশ।

ফ্রান্স থেকে প্রকাশিত একটি ক্লিনিক্যাল ট্রায়ালে করোনা প্রতিরোধে হাইড্রোক্সিক্লোরোকুইনের ইতিবাচক কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে বলে এর আগে জানানো হয়েছিল। এছাড়া চীন থেকেও এই ওষুধের কার্যকারিতার কথা জানানো হয়। এরপর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ১১টি হাসপাতালে এর ব্যবহার শুরু হয়। কোভিড-১৯ রোগের চিকিত্সায় এই ওষুধকে ‘গেম চেঞ্জার’ হিসেবে অভিহিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।