ব্যাংক ক্লোজিং, ব্যাংক হলিডে ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার থেকে তিনদিনের জন্য দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। বন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে এদিন সকাল থেকে বন্ধ রয়েছে পণ্য আমদানি-রপ্তানিসহ পণ্য উঠানামার কাজও।
বন্দরের কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ কামাল হোসেন রাজ জানান, রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ব্যাংক ক্লোজিং এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে। এসব কারণে শনিবার সকাল থেকে সোমবার পর্যন্ত বন্দর দিয়ে সকল ধরনের পণ্য আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার থেকে বন্দরের সকল কার্যক্রম যথারীতি শুরু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সবুর মিয়া জানান, শুধু বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্ট যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। ইমিগ্রেশন চেকপোস্ট কোনো ধরনের ছুটির আওতার মধ্যে পড়ে না।