২০ লাখ টাকায় সাকিবের ব্যাট

ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে এই ব্যাট দিয়েই বোলারদের শাসন করেছেন। সেই ব্যাটকে গতকাল নিলামে তুলেছিলেন সাকিব আল হাসান। করোনার আগ্রাসনের সময়ে দুস্থদের সহায়তা করার জন্য বিক্রি হলো সেই ব্যাট। ২০ লাখ টাকায় অনলাইন এই নিলাম থেকে ব্যাট কিনে নিলেন এক যুক্তরাষ্ট্র প্রবাসী।

সাকিব আল হাসান আগেই জানিয়েছেন, এই নিলাম থেকে পাওয়া অর্থ সরাসরি তার ফাউন্ডেশনে চলে যাবে। সেখান থেকে এই অর্থ দুস্থদের জন্য ব্যবহার করা হবে। গতকাল এই নিলাম অনুষ্ঠিত হয় ‘অকশন ফোর অ্যাকশন’ নামে একটি ফেসবুক ভিত্তিক গ্রুপের মাধ্যমে।

গত বিশ্বকাপে সাকিব এই ব্যাট দিয়ে রীতিমতো রানবন্যা করেছিলেন। ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করেছিলেন তিনি। তিনি জানান, ঐ এক ব্যাট দিয়েই খেলেছিলেন সব ম্যাচ। ঐ ব্যাটটারই নিলাম হয় বলে জানিয়েছেন সাকিব। সাকিব বলেছেন, এই ব্যাটটা তার খুব প্রিয় ছিল বলে টেপ পেঁচিয়েও এই ব্যাট দিয়েই খেলেছেন।

নিলামে ব্যাটের ভিত্তিমূল্য ছিল ৫ লাখ টাকা। প্রথম বিড ছিল সাড়ে ৬ লাখ টাকা। এরপর দশের বেশি বিডে এই দাম শেষ পর্যন্ত ২০ লাখ টাকায় পৌঁছায়। শেষ দিকে আয়োজকদের সঙ্গে নিলামের সময় সরাসরি লাইভে কথা বলেছেন ও প্রশ্নের উত্তর দিয়েছেন সাকিব।