অসচ্ছল শিল্পীদের আর্থিক প্রণোদনা প্রয়োজন : সংস্কৃতি প্রতিমন্ত্রী

 ‘করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এর বৈশ্বিক মহামারির পরিপ্রেক্ষিতে বিদ্যমান স্বাস্থ্যসংকট এবং সংস্কৃতি খাতে এর প্রভাব ও করণীয়’ বিষয়ে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর আয়োজনে সদস্যভুক্ত দেশসমূহের সংস্কৃতিমন্ত্রীদের অংশগ্রহণে প্রথম ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছে গতকাল। এতে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ অংশ নেন। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে নিজের বাসভবন থেকে তিনি এই মিটিংয়ে যুক্ত হন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশও করোনা মহামারিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। অসচ্ছল ও প্রান্তিক শিল্পীদের এককালীন অনুদানের ব্যবস্থা করা, সরকার কর্তৃক শিল্পীদের তৈরি মূল শিল্পকর্ম ক্রয় করা, যাতে উভয় পক্ষ উপকৃত হয় এমন পদক্ষেপ নিতে হবে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড পুনরুদ্ধার ও সংস্কৃতির ক্ষেত্রে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিতে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইউনেস্কোর পক্ষ থেকে জরুরি তহবিল প্রদান করা; যার মাধ্যমে এ খাতের প্রভাব নিরূপণ ও ঝুঁকিপূর্ণ গোষ্ঠীকে সহায়তার ব্যবস্থা করা।