করোনা ভাইরাসে গণহারে মৃত্যু সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই লকডাউন তুলে দিয়ে মানুষকে স্বাধীনতা দেওয়ার পক্ষে কথা বলে আসছেন। তার এসব বক্তব্যের পর বিভিন্ন অঙ্গরাজ্যে রীতিমতো বিক্ষোভ শুরু হয়ে গেছে। তারাও প্রেসিডেন্টের সুরে সুর মিলিয়ে চলাফেরার স্বাধীনতা দাবি করছে। ব্যবসা-বাণিজ্যের অধিকার চাইছে। কিন্তু কোনো রাজ্যই ট্রাম্পের কথায় গুরুত্ব না দিয়ে লকডাউন আপাতত তুলবে না বলে জানিয়েছে। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প তার সুর কিছুটা নরম করে বিক্ষোভকারীদের উদ্দেশে বলেছেন, লকডাউন কষ্টসাধ্য সেটা সবাই বুঝতে পারছে। কিন্তু তার চেয়ে কষ্টসাধ্য বিষয় হচ্ছে করোনায় আক্রান্ত হওয়া। এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তরা যেভাবে ঘরে-বাইরে হয়রানি এবং কষ্টকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে তা বিবেচনায় নিয়ে বিক্ষোভকারীদের আরেকটু সময় ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
কয়েক দিন আগে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, লকডাউন কোনো কাজে আসছে না। লকডাউন সত্ত্বেও মানুষ আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে। যদি আক্রান্ত হতেই হয় এবং মারা যেতেই হয় তাহলে খোলামেলা পরিবেশে সেটা হোক। অর্থনীতির গতি সচল রেখে সেটা হোক। এরপর তিনি রীতিমতো স্লোগানের সুরে সব অঙ্গরাজ্যকে লকডাউন মুক্ত করার আহ্বান জানান। তার এই বক্তব্য রাজ্যগুলো গুরুত্ব না দিয়ে অবরুদ্ধ অবস্থা ধরে রেখেছে। কিন্তু পরিস্থিতি খারাপ হতে পারে বিবেচনায় ট্রাম্প শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের কাছে একটু সময় চাইলেন। —ডেইলি মেইল