করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের বিরুদ্ধে ফেসবুকে কুত্সা রটনার অভিযোগে রাজধানীর বাড্ডা এলাকা থেকে রিয়াজুল আবির (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বুধবার সিআইডির সাইবার ইউনিট তাকে গ্রেফতার করে।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম জানান, গত ১৫ এপ্রিল ডা. মঈন উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এরপর এ বিষয়ে চিকিত্সক সমাজকে উসকে দেওয়ার জন্য কতিপয় কুচক্রী মহল মৃত ডাক্তারকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কুত্সামূলক বক্তব্য প্রচার করতে থাকে। এতে চিকিত্সকদের অনেকেই সাইবার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। গ্রেফতার যুবক এইচ এম রিয়াজুল আবিরের বাবার নাম মৃত আব্দুস ছাত্তার। বাড়ি বরিশালের বাকেরগঞ্জের দাওকাঠি গ্রামে। তার কাছ থেকে একটি মোবাইল সেট জব্দ করা হয়।