করোনা ভাইরাসের মহামারি মোকাবিলায় অবিলম্বে সর্বদলীয় সভা ডেকে সমন্বিত জাতীয় উদ্যোগ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার জোটের এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানিয়ে বলা হয়, সরকারের ‘একলা চলো নীতি’ দেশকে ভয়ংকর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।
যৌথ বিবৃতিতে এই অভিযোগ করেন জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের (মার্কসবাদী) নেতা মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, কমিউনিস্ট লীগের নেতা মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু এবং সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক।
বিবৃতিতে বলা হয়, করোনা ভাইরাস পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ ঘোষণা করে সব দলের নেতা ও বিশেষজ্ঞদের নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবি আরো আগেই জানিয়েছিল বাম জোট। কিন্তু সরকার দলীয় সংকীর্ণতা নিয়ে একগুঁয়েমি করে একলা চলো নীতি নিয়ে চলছে। এখনো সময় আছে, অবিলম্বে সর্বদলীয় সভা ডেকে সমন্বিত জাতীয় উদ্যোগ গ্রহণ করে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগ থেকে দেশ ও জাতিকে রক্ষা করুন।
যৌথ এই বিবৃতিতে আরো বলা হয়, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি সত্ত্বেও ত্রাণের চাল চুরির খবর প্রতিদিনই গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। স্বাস্থ্যসেবা খাতে নিয়োজিতদের সুরক্ষাসামগ্রীর পর্যাপ্ততা ও মান নিয়ে সর্বত্র নানা প্রশ্ন ও ক্ষোভ দেখা দিচ্ছে।