শেরপুর জেলা ফুটবল লীগ

রাইজিং ক্লাব চ্যাম্পিয়ন

শেরপুর প্রতিনিধি

সাইফ পাওয়ার ব্যাটারি শেরপুর জেলা ফুটবল লিগে রাইজিং ক্লাব চ্যাম্পিয়ন ও শ্রীবরদী উপজেলা ক্রীড়া সংস্থা রানারআপ হয়েছে। লিগের সেরা খেলোয়াড় হিসেবে স্বর্ণপদক পুরস্কার দেওয়া হয়েছে রাইজিং ক্লাবের অধিনায়ক মাঝমাঠের খেলোয়াড় ইমরান ইসলামকে। সোমবার স্থানীয় শহীদ দারোগ আলী পৌর মাঠে অনুষ্ঠিত লিগের ফাইনাল খেলায় রাইজিং ক্লাব ১-০ গোলে শ্রীবরদী উপজেলা ক্রীড়া সংস্থা দলকে পরাজিত করেছে। বিজয়ী দলের আক্রমণভাগের খেলোয়াড় নবী হোসেন রেজভী একমাত্র গোলটি করেন।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি ও প্রাইজমানি বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত। চ্যাম্পিয়ন দলকে নগদ ১৫ হাজার টাকা এবং রানারআপ দলকে নগদ ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। এছাড়া বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস), শেরপুর জেলা শাখার পক্ষ থেকে লিগের সেরা খেলোয়াড় রাইজিং ক্লাবের ইমরান ইসলামকে ৮.৩ গ্রাম ওজনের স্বর্ণপদক এবং লীগের সর্বোচ্চ গোলদাতা কাকলি স্পোর্টিং ক্লাবের স্ট্রাইকার গাফিল মিয়া, লীগের সেরা গোলরক্ষক শ্রীবরদী উপজেলা ক্রীড়া সংস্থার বাপ্পি ও ম্যান অব দ্য ফাইনাল রাইজিং ক্লাবের রেজভীকে ১৩ গ্রাম ওজনের রৌপ্যপদক প্রদান করা হয়। এছাড়াও স্থানীয় লুতফিয়া মটরসের সৌজন্যে সুশৃঙ্খল দল হিসেবে কাকলি স্পোর্টিং ক্লাবকে ‘ফেয়ার প্লে ট্রফি’ প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সুশীল মালাকার, সহ-সভাপতি মোঃ শাহজাহান মিয়া ও নেতৃবৃন্দ, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন ক্লাব কর্মকর্তা ও স্থানীয় ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। এদিন জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে খেলা থেকে অবসর গ্রহণকারী ফুটবলার কাউন্সিলর বাদশা ও মনির হোসেনকে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর থেকে শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে স্থানীয় শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে সাইফ পাওয়ার ব্যাটারি শেরপুর জেলা ফুটবল লিগ-২০১৮ শুরু হয়েছিল। এবারের ফুটবল লিগে ১২টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। দলগুলো হলো-রাইজিং স্পোর্টিং ক্লাব, কাকলী স্পোর্টিং ক্লাব, দুর্বার তরুণ সংঘ, সবুজসেনা, মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাব, অগ্রগামী ক্লাব, উত্তরা স্পোর্টিং ক্লাব, প্রবীণ একাদশ, কুসুমকলি স্পোর্টিং ক্লাব, হিমাচল ক্লাব, শ্রীবরদী উপজেলা ক্রীড়া সংস্থা ও অ্যাকটিভ ক্লাব।