দাকোপের বিভিন্ন এলাকাসহ উপজেলা সদর চালনা পৌরসভার সর্বত্র বেওয়ারিশ কুকুরের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে পথচারীসহ এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।
পৌরসভার নলোপাড়া এলাকার মোঃ মিনারুল শেখ জানান, সম্প্রতি তাকে কুকুর কামড়ানোর পর হাসপাতাল এবং পৌরসভায় গিয়ে ভ্যাকসিন না পেয়ে তিনি গ্রাম্য কবিরাজের চিকিত্সা নিয়েছেন। তিনি জানান, কুকুরের উপদ্রব এতই বেড়েছে যে আক্রমণের ভয়ে কোমলমতি শিশুরা স্কুলে যেতে পারছে না। এছাড়া ওই এলাকার বেশ কয়েকজন কুকুরের কামড়ে আহত হয়েছে বলে তিনি জানান। বিষয়টি তিনি পৌর কর্তৃপক্ষকে জানিয়েও কোনো প্রতিকার পাননি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. মোজাম্মেল হক নিজামী বলেন, জেলা শহর ছাড়া উপজেলা পর্যায়ের হাসপাতালে সরকারি বরাদ্দের কোনো ভ্যাকসিন পাওয়া যায় না। কুকুরে কামড়ানো কোনো রোগী আসলে আমরা বাইরে থেকে ভ্যাকসিন এনে অথবা রোগীরা ভ্যাকসিন আনলে তা দিয়ে চিকিত্সা করি।
চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস বলেন, জায়গা নির্ধারণ না করে কুকুর নিধনের অভিযান পরিচালনা করা যাচ্ছে না। আগে একবার কুকুর নিধনের পর নদীর চরে পুঁতে রাখলে দুর্গন্ধ ছড়াচ্ছে বলে লোকে নানা কথা বলেছে।